ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। গত দুই মাসে শহরে কমপক্ষে ৩০টি ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ভোর রাতে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব সৈয়দ আকরাম হোসেনের (৬০) বাড়িতে তাঁর একমাত্র ছেলে রিমন (২৩) খুন হয়। রিমনের মোটরসাইকেলটিও নিয়ে যায় ঘাতকেরা। ঘাতকের হাতে মারাত্মকভাবে আহত হন উপসচিব ও তাঁর স্ত্রী ফরিদা বেগম (৫০)। ২০ ফেব্রুয়ারি শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত জনতা ব্যাংকের ফরিদপুর করপোরেট শাখায় প্রায় কোটি টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যাংকের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করা হয়। ১ মার্চ চরভদ্রাসনের গোপালপুর ঘাট এলাকায় দিনে নৌ-ডাকাতির ঘটনা ঘটে। ১০ সদস্যের ডাকাতের দল পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে একটি ট্রলারের গতিরোধ করে নগদ তিন লাখ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল ডাকাতি করে। ওই দিনই সদরপুর ও শিবচর থেকে সাতজন ডাকাত গ্রেপ্তার এবং কিছু মালামাল উদ্ধার করা হয়। ২৪ ফেব্রুয়ারি একই রুটে দিনে আরেকটি নৌ-ডাকাতির ঘটনা ঘটে। ১৮ ফেব্রুয়ারি রাতে ভাঙ্গার মানিকদহে ২০ জনের ডাকাতের দল সোহরাব শেখ ও শহিদুল ইসলামের বাড়ির দরাজা ভেঙে দুই লাখ ৩৫ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং ছয়টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। একই রাতে বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামে কাজী হাসান ফিরোজের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে একটি ক্যামেরা, চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এর আগে শহরতলির ব্রাহ্মণকান্দা এলাকায় কোতোয়ালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সেলিমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একই রাতে ডাকাতেরা শহরের মোল্লাবাড়ি সড়কে পুলিশ কনস্টেবল (অব.) মো. সিদ্দিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে এক লাখ টাকা ও দুটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।১৯ ফেব্রুয়ারি সদরের চরমাধবদিয়া এলাকার মেহগনি বাগান থেকে শেখ তৈয়ব আলী নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। ১৮ ফেব্রুয়ারি সদর উপজেলার খলিলপুর গ্রামে জমি নিয়ে বিরোধে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থানা রোডে চরকমলাপুর এলাকার মোশাররফ হোসেন খান তাঁর স্ত্রী ও মেয়ে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিন ছিনতাইকারী তাঁদের রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে সোনার চেইন, হাতের বালা, কানের দুল ও তিনটি মোবাইল ফোন সেটসহ দেড় লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ২৭ ফেব্রুয়ারি শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিরাময় হাসপাতালের পাশ থেকে ব্যবসায়ী খলিলুর রহমান মজনুর একটি ট্রাক চুরি হয়। এর আগে কোতোয়ালি থানার গেটের কাছে কুণ্ডেশ্বরী ঔষধালয়ে এবং জনতা ব্যাংক মোড় এলাকার গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। এর কয়েক দিন আগে সামচুদ্দিন টাওয়ারের নিচতলায় মোবাইলের দোকানে চুরি হয়। নগরকান্দা ও কোতোয়ালি থানার সীমান্তবর্তী এলাকায় গজারিয়া বাজারে এক রাতে সাতটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার ও মালামাল উদ্ধার হয়নি। ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান বলেন, ‘সম্প্রতি ফরিদপুরের বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মতো আমিও কিছুটা উদ্বিগ্ন রয়েছি।’ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু আবনতি হয়েছে এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে পুলিশ তৎপর রয়েছে। খুন করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সাফল্যের কাছাকাছি চলে এসেছে। ইতিমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অচিরেই ঘাতক ধরা পড়বে। জনতা ব্যাংকের চুরির টাকা উদ্ধার ও চোরদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ওই ব্যাংকের নৈশ্যপ্রহরী আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদের ধরার কাজ অব্যাহত রয়েছে।’ ফরিদপুর র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর ওলিউর রশিদ বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাতে বিশেষ টহল জোরদার করা হয়েছে। ফলে গত কয়েক দিনে অবস্থার বেশ উন্নতি হয়েছে। উপজেলাগুলোয়ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’ফরিদপুর সদর আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত এক বছর শান্তিপূর্ণ থাকলেও কিছুদিন ধরে একটি মহল পরিকল্পিতভাবে ফরিদপুরকে আবার অশান্ত করতে চাইছে। পুলিশকে বলা আছে, যেকোনো মূল্যে সন্ত্রসীদের প্রতিহত করতে হবে। সন্ত্রাসী যদি আমার বাড়িতে গিয়েও আশ্রয় নেয়, তাকে ধরতে আমার বাসায় র‌্যাব বা পুলিশ গেলে আমি খুশি হব। কেননা বিখ্যাত এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের মধ্যে দিয়েই আমি একজন সাংসদ হিসেবে আমার কাজ শুরু করেছি।’