ফরিদপুরে আগুনে পুড়ে নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের খাকান্দা নাজিরপুর গ্রামের রশিদ ভূঁইয়ার বাড়িতে গতকাল শুক্রবার গভীর রাতে আগুন লাগে। আগুনে পুড়ে রশিদ ভূঁইয়াসহ (৮০) ওই বাড়ির পাঁচজন নিহত হয়েছে।বাকি চারজন হলো—রশিদ ভূঁইয়ার নাতি শাহীন (১৫) ও তাঁর বন্ধু সুমন (১৫), নাতনি তাহিদা আক্তার (১২) ও শিফা আক্তার (৪)।ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল রাত দেড়টার দিকে রশিদ ভূঁইয়ার বাড়িতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল ফকির জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। এ ছাড়া লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।