ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে ইউপি ভবনে যাওয়ার পথে তাঁকে হত্যা করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী রণকাইল এলাকার দীপালি রানী দাস জানান, ইউপি চেয়ারম্যান মলয় মোটরসাইকেল চালিয়ে ফরিদপুর থেকে আটঘর যাচ্ছিলেন। এ সময় ছয়-সাতজনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে ঘাতকদের ধস্তাধস্তি হয়। এ সময় তিনি রাস্তার পাশের খাদে পড়ে যান। ঘাতকেরা ওই খাদের মধ্যে তাঁকে কুপিয়ে হত্যা করে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা দুই ভাগ হয়ে যায়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের সঙ্গী আটঘরের গোয়ালপোতা গ্রামের সোহাগ খানও (৩২) আহত হন। তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বকুল মাতুব্বর গংয়ের সঙ্গে মলয় বোসের বিরোধ চলছিল। এক মাস আগে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে এলাকায় সংঘর্ষও হয়। ওই ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। মামলার আসামিরা জামিনে আছেন।আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরুণ কুমার সরকার জানান, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে মলয়ের সঙ্গে আটঘরের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বকুলের বিরোধ চলে আসছিল। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক। বকুল আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে আওয়ামী লীগ সমর্থন করেন।সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহীনুর আলম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘মলয় বোস সকাল ১০টার দিকে একটি প্রকল্পের কাজের ব্যাপারে আলাপ করতে ফরিদপুরে আমার বাসায় এসেছিলেন। আমার বাসা থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আটঘর যাওয়ার পথে হামলার এ ঘটনা ঘটে।’