ফরিদপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফরিদপুরে কলেজছাত্র মোহাম্মদ লিমনকে (২০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফরিদপুর মুসলিম মিশন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমনের পরিবারের সদস্যরা জানায়, লিমন তাঁর বাড়ি সদর উপজেলার শোভারামপুর থেকে ওমরপুরে কলেজে যাচ্ছিল। পথে একটি নির্জন এলাকায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।নিহতের বাবা আরব আলী ফরিদপুর শহর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমনের লাশ উদ্ধার করে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।