ফরিদপুরে খুদে বিতার্কিকদের মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুক জাতির প্রাণে সমতার কঠিন বাসনা’—স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে খুদে বিতার্কিকদের তিন দিনব্যাপী স্কুল ডিবেট প্রতিযোগিতা ২৪ জানুয়ারি শেষ হয়েছে। ফরিদপুর ডিবেট ফোরামের উদ্যোগে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ফরিদপুর শহরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়া মোট ৩২টি দল অংশ নেয়। ২২ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মহসীন উদ্দীন। ২৪ জানুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আবদুল ওয়াহাব ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর ডিবেট ফোরামের তারিকুল ইসলাম, আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী, সিরাজ ই কবীর, শওকত আলী জাহিদ, আসমা আক্তার, আশিক উর রহমান ও সুব্রত ঘোষ। সভাপতিত্ব করেন ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি মেহেদী হাসান।সারগাম সংগীত নিকেতনের যাত্রা শুরু: ২২ জানুয়ারি থেকে ফরিদপুরে যাত্রা শুরু করেছে সারগম সংগীত নিকেতন। ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার ইউসুফ প্লাজার দ্বিতীয় তলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাশা খন্দকার। আন্তর্জাতিক শিশু নাট্যোত্সবে ফরিদপুরের সিডিএল: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৬ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক শিশু নাট্যোত্সবে যোগ দিতে ফরিদপুর সিডিএল শিশু নাট্যদল ২২ জানুয়ারি ভারতে গেছে। কবি জসীমউদ্দীনের অমর কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে সোজন-দুলী নাটকটি নিয়ে দিল্লি যায়। ১৬ সদস্যের এ নাট্যদলের নেতৃত্ব দেয় শিশু নাট্যদলের আহ্বায়ক কামরুল হাসান ও আমিনুর রহমান। আবহ সংগীতে রয়েছেন শাহনাজ পারভীন ও অনন্যা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে বাঁধন, রজনী, লিমা, পারুল, মুক্তা, শান্ত, প্রত্যয়, কেয়া ও আকাশ।