ফরিদপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
ফরিদপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে সদরপুর উপজেলার বৈরাগীডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে ।গণপিটুনিতে নিহত সেকেন (৩৫) নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, গতকাল রাত তিনটার দিকে জরিপের ডাঙ্গি গ্রামের কাশিনাথ বৈরাগীর (৬০) বাড়িতে ১০-১২ জন ডাকাত হানা দেয়। তারা কাশিনাথকে কুপিয়ে ও তাঁর ছেলে প্রবীর বৈরাগীকে (২৭) পিটিয়ে আহত করে। এরপর অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, চার ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান দ্রব্যসামগ্রী নিয়ে যায়। আহত বাবা-ছেলেকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাষাণচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাইনউদ্দিন মোল্লা বলেন, ডাকাতি করে পালানোর সময় বাড়ির লোকজনের চিত্কারে গ্রামবাসী এগিয়ে আসে। এ সময় স্থানীয় মসজিদের মাইক থেকে ডাকাতদের ধরার জন্য আহ্বান জানানো হয়। গ্রামবাসী তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, গণপিটুনিতে আহত তিন ডাকাতকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেকেন (৩৫) মারা যান। মৃত্যুর আগে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । চিকিত্সাধীন অন্য দুজন হলেন কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মো. ইলিয়াস (৩৭) ও একই গ্রামের মোতাল ফকির (৪০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেকেন একটি অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। স্বর্ণ ব্যবসায়ী আহত প্রবীর জানান, এই ডাকাতদলের পক্ষে এক সপ্তাহ আগে কাশিনাথের কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল।