ফরিদপুরে ছাত্রদল-যুবদলের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের মুজিব সড়কের প্রথম আলো কার্যালয়ের সামনে ছাত্রদল ও যুবদলের মিছিলকারীরা গাড়ি ভাঙচুর করেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ‘ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে’—এ গুজবে ফরিদপুরে ছাত্রদল ও যুবদলের মিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মিছিলটি জনতা ব্যাংকের মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত আসে। পরে আবার জনতা ব্যাংকের দিকে যাওয়ার পথে মিছিলকারীরা হঠাত্ উত্তেজিত হয়ে মুজিব সড়কে যানবাহন ভাঙচুর করে। এ সময় একটি ট্রাক ও তিনটি অটোবাইকের কাচ ভাঙচুর করা হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা আরোগ্য সদন নামের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলি দিয়ে পালিয়ে যায়। তবে ওই সময়ও তারা ওই গলিতে দাঁড়িয়ে থাকা ফরিদপুরের সাবেক সিভিল সার্জন মতিয়ার রহমানের প্রাইভেটকারের পেছনের কাচ ভাঙচুর করে।ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ঢাকা থেকে জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় আমরা একটি আনন্দ মিছিল বের করি। মিছিল চলাকালে আমাদের কাছে মুঠোফোনে খবর আসে ঢাকায় মতিঝিলে বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়েছে এবং এতে দুজন নিহত হয়েছে। এ খবর শুনে মিছিলকারীরা উত্তেজিত হয়ে পড়ে। এরপর বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।’ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, আজ রোববার সকাল নয়টার দিকে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন জায়গায় জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা আকস্মিকভাবে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন লাগায়। এ সময় মতিঝিল এলাকায় বিক্ষোভকারীদের একটি ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়।