ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস উপলক্ষে নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’—এ আহ্বানকে সামনে রেখে গতকাল শুক্রবার ফরিদপুরে পালিত হলো জাতীয় নৃত্য দিবস। সন্ধ্যায় কবি জসীমউদ্দীন মিলনায়তন মঞ্চটি নাচের ছন্দে মুখরিত হয়ে ওঠে। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে সম্মেলক নাচের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এতে ২০ জন শিশু শিল্পী অংশ নেয়। এরপর ‘অগ্নিঝরা একাত্তরের সেই স্মৃতি’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে নৃত্যমহল। ‘হূদয় যেখানে চাইছে হারাতে’ আধুনিক গানের সঙ্গে একক নাচ পরিবেশন করে মোহাম্মদ বকুল। মাদারীপুরের স্বপন একক নাচ পরিবেশন করে। ‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার’—নচিকেতার বৃদ্ধাশ্রম-সম্পর্কিত এ গানের সঙ্গে নাচ পরিবেশন করে সুমন ও তার দল। কবি নজরুলের ‘রুমুঝুম, রুমুঝুম’ গানের সঙ্গে বেলায়েত হোসেন ও শান্তা এবং ‘ধিতাং ধিতাং বোলে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে নমিতা কুণ্ডু, রুবেল ও পিকুল। নৃত্যমহলের হাসিবের পরিচালনায় গানের সুরের সঙ্গে নাচ পরিবেশন করেন পিকুল ও ফাল্গুনী। সবশেষে মাদকাসক্তি কীভাবে এক বন্ধুকে অন্য বন্ধুর কাছ থেকে দূরে নিয়ে যায় সে আলোকে ও বন্ধু আমার কাহিনি নিয়ে নাচ পরিবেশন করে রুবেল ও হাসিব। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সভাপতি নমিতা কুণ্ডুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খন্দকার মোহতেসাম হোসেন, সৈয়দ মহসিন উদ্দীন আহমদ, মো. আলাউদ্দিন প্রমুখ।