ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’ আহ্বানের মধ্য দিয়ে গত ২৪ এপ্রিল ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় নাট্য দিবস। এ উপলক্ষে শহরের কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা ও নৃত্য পরিবেশন করা হয়। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সভাপতি নমিতা কুণ্ডু। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আলাউদ্দীন ও পলাশনন্দী। শেষে স্বপন দাসের পরিচালনায় নটরাজ, হাসিবুজ্জামানের পরিচালনায় নৃত্যমহল এবং বেলায়েতের পরিচালনায় ছন্দে আনন্দে আর্ট সেন্টার, আধুনিক, রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আটটি নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের প্রায় ৫০ জন নৃত্যশিল্পী অংশ নেন।নামযজ্ঞ: ফরিদপুরে নয় দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। শহরের গোয়ালচামট এলাকার সিংপাড়া ঠাকুরবাড়ি মন্দিরে ২২ এপ্রিল আনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল ভগবত পাঠ, ধর্মীয় আলোচনা, ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ, অষ্টকালীন লীলা, কুঞ্জভঙ্গ, নগর পরিভ্রমণ প্রভৃতি। অনুষ্ঠানে নবাবগঞ্জের নন্দ দুলাল সম্প্রদায়, ঝিনাইদহের গৌরবাণী সম্প্রদায়, ঢাকার রূপ সনাতন সম্প্রদায় ও ভবতারণ সম্প্র্রদায়, গোপালগঞ্জের মা আনন্দময়ী সম্প্র্রদায়, খুলনার নবনিত্যানন্দ সম্প্র্রদায়, ফরিদপুরের শ্রীনাম সেবাসংঘ নামযজ্ঞ পরিবেশন করে। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন পাবনার মিহির ঘোষ, বগুড়ার পুষ্প রানী ও সাতক্ষীরার ছোট হরিদাস।