ফরিদপুরে জেলা মালিক শ্রমিক পরিবহন ঐক্য পরিষদ গঠিত
ফরিদপুরে চারটি শ্রমিক-মালিক সংগঠনের সমন্বয়ে ‘জেলা পরিবহন মালিক শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে। ১৪ মে রাতে শহরের র্যাফেলস ইন এ জেলা মিনিবাস মালিক গ্রুপ, জেলা বাস মালিক গ্রুপ, আন্তজেলা শ্রমিক ইউনিয়ন ও মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা এক মতবিনিময় সভায় মিলিত হয়ে এ সিদ্ধান্ত নেন।মতবিনিময় সভায় জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এস এস শাহ আলমকে সভাপতি ও মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকিরকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদ গঠন করা হয়।নবগঠিত পরিবহন মালিক শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, জেলার পরিবহন ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সৃষ্ট সমস্যা নিরসন, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা, শ্রমিক-মালিকদের মধ্যে আন্তরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে এ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।