ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের দীঘলীয়া এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীঘলীয়ায় আজ সকালে মধুখালী সুগার মিলের ট্রাক লরির সঙ্গে পদ্মা এন্টারপ্রাইজের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুগার মিলের ক্যাশিয়ার হেলার জোয়ারদার (৪২) ও ট্রাক লরির চালক তোতা মিয়া (৫০)। অপরজন অজ্ঞাতনামা (৪০) এক আনসার সদস্য। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক লরিতে মধুখালী সুগার মিলের সাড়ে তিন লাখ টাকা, ১২ জন আনসার, ১২টি রাইফেল এবং ১২০টি গুলি ছিল। এর মধ্যে দুর্ঘটনার পর এক লাখ ২০ হাজার টাকা এবং ৫০টি গুলি পাওয়া গেছে। বাকি অর্থ ও গুলি খোয়া গেছে বলে তিনি দাবি করেন।