ফরিদপুরে নয়টি দোকানে ডাকাতি
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে কয়েকটি দোকানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকার, ১৬০ ভরি রুপার অলংকার, নগদ ১০ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানিরা দাবি করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮-২০ জন ব্যক্তি পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরে গতকাল শুক্রবার গভীর রাতে দুটি মাইক্রোবাসে করে খলিলপুর বাজারে যায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দেখিয়ে বাজারের নয়জন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে তাঁদের মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়। এরপর তারা তিনটি সোনার, তিনটি মুদির, একটি কাপড়ের, একটি পাটের গুদাম ও একটি মুঠোফোনের দোকানে ডাকাতি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী মোজা প্রামাণিক প্রথম আলো ডটকমকে বলেন, ‘ডাকাতেরা রামদা, কিরিচ নিয়ে এসেছিল। তারা প্রত্যেক নৈশপ্রহরীকে “স্যার ডাকছেন”—এ কথা বলে নিয়ে যায়। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।’বাজারের বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘এলাকাবাসী টের পাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়। বাজারের মসজিদ থেকেও গ্রামবাসীকে ডাকাতির খবর জানানো হয়।’ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাতে নিরাপত্তার দায়িত্ব পালনকারী নয়জন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।