ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে, ভাঙন তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীটির পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর ফলে ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক হাজার ৩০০ পরিবার।বন্যার পাশাপাশি সদর ও চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক জানান, ১৯ আগস্ট থেকে আজ শুক্রবার পর্যন্ত গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি এক মিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।আজ সকালে এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিবন্দী অনেক মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। এ রকম ১০টি পরিবার পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে।আলীয়াবাদে সাইনবোর্ড এলাকার শেখ জালাল জানান, গত এক সপ্তাহে পদ্মা নদীর ভাঙনের ফলে ফসলসহ এক একর জমি এবং তাঁর ও কুটি মিয়ার ১৬টি নারিকেলগাছ নদীতে বিলীন হয়ে গেছে।আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, দুর্গতদের আশ্রয় দেওয়ার জন্য সাদিপুর উচ্চবিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে। তবে এ কেন্দ্রে টয়লেটের ব্যবস্থা না থাকায় দুর্গতরা এ আশ্রয় কেন্দ্রে উঠতে চাইছে না।সদরের ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান জানান, ইউনিয়নের ভূঁইয়াডাঙ্গি, সোনা মণ্ডলেরডাঙ্গি, খবির মুন্সিরডাঙ্গিসহ সাতটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার বলেন, পানিবন্দী পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়েছে। পর্যাপ্ত চাল ও টাকা মজুদ আছে। যেসব পরিবার আশ্রয়কেন্দ্রে আসবে তাদের পরিবার প্রতি ২০ কেজি চাল ও এক হাজার টাকা দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ জানান, পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙনের মাত্রা বেড়ে গেছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ওপর তীক্ষ নজরদারি রয়েছে। বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’