ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের শহরতলি এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন পোলট্রি ব্যবসায়ী ও একজন অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ও গতকাল মঙ্গলবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে।নিহত ব্যবসায়ীর নাম আবদুর রশিদ মিয়া (২৮)। তাঁর বাড়ি ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায়। আর অটোরিকশার চালক শেখ কুদ্দুসের (৩৫) বাড়ি ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামে।হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোর সাড়ে চারটার দিকে একটি পিকআপে মুরগির বাচ্চা নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন রশিদ মিয়া। ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক পিকআপটিকে সামনে থেকে আঘাত করলে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রশিদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এদিকে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর বাইপাস সড়কের গোয়ালচামট-তুলাগ্রামের মাঝামাঝি এলাকায় কুদ্দুসের মৃতদেহ পাওয়া যায়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোনো ভারী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।