ফরিদপুরে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
ফরিদপুরে প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি খারিজ হয়ে গেছে। গতকাল বুধবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মুমিনুল হাসান মামলাটি খারিজ করে দেন।আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লা মানহানির অভিযোগে ৫০০, ৫০১, ৫০২ ও ১০৯ ধারায় ফরিদপুরের ওই আদালতে মানহানির মামলা করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে আসামি করা হয়। মামলার আরজিতে বলা হয়, গত শুক্রবার প্রথম আলোর ১৯ পাতায় ‘রাস্তা বন্ধ রেখে শ্রমমন্ত্রীর জনসভা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের কারণে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের তিন কোটি টাকা ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লার পাঁচ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।গতকাল মামলার শুনানি শেষে আদালতের বিচারক মো. মুমিনুল হাসান মামলাটি খারিজ করে দিয়ে রায়ে উল্লেখ করেন, অভিযোগকারীর অভিযোগ ও পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে দেখা যায়, ওই সংবাদে তাঁর (বাদী শহীদ মোল্লা) নাম উল্লেখ করে কোনো খবর প্রকাশ করা হয়নি। ফলে প্রকাশিত সংবাদে অভিযোগকারীর সুনাম ক্ষুণ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রায়ে আরও বলা হয়, ‘নালিশি দরখাস্ত পর্যালোচনায় দেখা যায়, সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগটি দায়ের করেননি এবং অভিযোগকারী ব্যক্তি সংক্ষুব্ধ ব্যক্তি নন। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৯৮ ধারা অনুযায়ী, সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ ব্যতীত মানহানির অপরাধ আমলে নেওয়ার বিষয়ে বাধা থাকায় অভিযোগকারীর নালিশি দরখাস্তের ভিত্তিতে অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। সার্বিক বিবেচনায় দরখাস্তটি খারিজ করা হল।’এদিকে সাংবাদিক পান্না বালার ওপর লাঞ্ছনার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা হয়। সভায় জানানো হয়, সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে শ্রমমন্ত্রী ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তাই ওই বৈঠকের আগ পর্যন্ত কোনো কর্মসূচি না দেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার ‘রাস্তা বন্ধ রেখে শ্রমমন্ত্রীর জনসভা’ শিরোনামে প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক খায়রুদ্দীন মিরাজ ও তাঁর সহযোগীরা ওই দিন সন্ধ্যায় ফরিদপুর শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিক পান্না বালাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।