ফরিদপুরে ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা আটক
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী রেলগেট এলাকা থেকে গতকাল রোববার রাতে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটক করা হয়েছে। তাঁর নাম শিব্বির আহমেদ (৩৮)। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার (ট্রেনিং ব্যাটালিয়ন), চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তাঁর আইডি নম্বর-৯৯০৪৯০৩। তিনি ঢাকার ২৯৭ পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, শিব্বির আহমেদের পাসপোর্টের তথ্য অনুযায়ী তিনি ২৭ দিন আগে চিকিত্সার জন্য ভারতে যান। গতকাল তিনি বেনাপোল থেকে বাসে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রাত নয়টার দিকে পুলিশ বাসটি তল্লাশি করতে গেলে শিব্বির সন্দেহজনক আচরণ করেন। এ সময় তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মধুখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।সহকারী উপপরিদর্শক মো. পলাশ জানান, যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল এসে শিব্বির আহমেদকে সেনানিবাসে নিয়ে গেছে। ফরিদপুরের পুলিশ সুপার আওলাদ আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।