ফরিদপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ফরিদপুরে বড় ভাই মনিরের (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই হাবিব (২৫)। আজ রোববার সকাল সাতটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কুশুমদী গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি মনিরের বাবা আবু কাজী বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করেন। এই ঘর কোন ছেলেকে দেবে, এ নিয়ে মনির প্রায়ই তাঁর বাবার সঙ্গে ঝগড়া করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে আবু কাজী মনিরকে নতুন ঘরসহ বাড়ির কোনো সম্পত্তি দেওয়া হবে না এবং বাড়ি থেকে তাঁকে বের হয়ে যাওয়ার কথা বলেন। এতে মনির ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি বাবা ও মায়ের সামনেই ছোট ভাই হাবিবের বুকে ঢুকিয়ে পালিয়ে যায়। এতে হাবিব গুরুতর আহত হন। তাঁকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা আবু কাজী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।