ফরিদপুরে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নানি-নাতনিসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মোসাম্মত্ সাহেরা বেগম (৪০) ও তাঁর নাতনি রাবেয়া (৫), প্রাইভেট কার চালক হায়দার আলী ও অজ্ঞাত এক যুবক।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারে করে মাগুরা থেকে ঢাকা যাচ্ছিলেন সাহেরা, তাঁর নাতনি রাবেয়া ও আরও কয়েকজন যাত্রী। সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট বাসস্ট্যান্ডের কাছাকাছি পোঁছানোর পর ফরিদপুর থেকে মাগুরাগামী জিতু এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে ওই চারজন নিহত হন। গুরুতর আহত হন মো. শাহিন নামের এক ব্যক্তি। তাঁকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, বাসের চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।