ফরিদপুরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও পাঠ্য বই!
ফরিদপুরে একশ্রেণীর পুস্তক ব্যবসায়ী ও এজেন্টদের সহায়তায় গোপনে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যবই ও নিষিদ্ধসহায়ক বই (নোট বই) বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ১৩ জানুয়ারি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মসজিদবাড়ি সড়ক এলাকার কলেজ লাইব্রেরি, রেজাউল বুক হাউস, আলম বুক ডিপো, ফারুক লাইব্রেরি, করিম বুক ডিপো, তোফায়েল লাইব্রেরি ও সোহেল লাইব্রেরিতে অভিযান চালিয়ে সহস্রাধিক কপি বোর্ডের পাঠ্য ও নিষিদ্ধ নোট বই উদ্ধার করে। এ অভিযোগে প্রতিটি লাইব্রেরিকে দুই হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুস্তক বিক্রেতা অভিযোগ করেন, ১৩ জানুয়ারির অভিযানের পরও ফরিদপুরে গোপনে নিষিদ্ধ বই বিক্রি অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একশ্রেণীর পুস্তক বিক্রেতার মাধ্যমে এগুলো ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ বিপণনে একশ্রেণীর শিক্ষকও জড়িত। টেম্পো, ভ্যানে করে ভোরে কিংবা গভীর রাতে বইগুলো পাঠানো হচ্ছে উপজেলায়। শহরের যেসব পুস্তক বিক্রেতা বোর্ডের বই ও নোট বই বিক্রি করছে, তারা নিজেদের প্রতিষ্ঠানে বইগুলো না রেখে বাড়িতে কিংবা শহরের বিভিন্ন জায়গায় ঘরভাড়া করে রাখে। সহায়ক বইয়ের প্রকাশনী জুপিটার পাবলিকেশনের স্থানীয় এজেন্ট রাসেল সরকার ও লেকচার পাবলিকেশনের এজেন্ট রুহুল আমীনের মাধ্যমে ফরিদপুরে এ বইগুলো আনা ও বিক্রি করা হচ্ছে।এ ব্যাপারে জুপিটার পাবলিকেশনের এজেন্ট রাসেল সরকার বলেন, ‘আমি লাইব্রেরির মাধ্যমে বইগুলো বাজারজাত করছি না। স্কুলে স্কুলে সরবরাহ করছি। লাইব্রেরির মালিকেরা ঢাকা থেকে এগুলো নিজ উদ্যোগে সংগ্রহ করছেন।’তবে লেকচার পাবলিকেশনের এজেন্ট রুহুল আমীন খান বলেন, ‘আমি এ বছর অষ্টম শ্রেণীর নিচের কোনো গাইড বই স্কুল বা লাইব্রেরিতে সরবরাহ করিনি।’ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকারিয়া খোকন বলেন, ‘সমিতির পক্ষ থেকে প্রতিটি সদস্যকে নোট বই বিক্রি না করতে বলা হয়েছে। আমার জানা মতে, প্রকাশ্যে কোনো লাইব্রেরিতে নোট বই বিক্রি হচ্ছে না। কেউ যদি গোপনে বিক্রি করে থাকে, তবে বিষয়টি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা উচিত।’জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, ‘নিষিদ্ধ বই বিক্রি বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা নোট বই নিষিদ্ধকরণ আইনের বিধান অক্ষরে অক্ষরে মেনে চলব। যারা এ আইন লঙ্ঘন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সাত বছর সশ্রম কারাদণ্ড অথবা ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।’