ফরিদপুরে ভাঙ্গা পৌরসভায় নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানিয়েছেন, এর ফলে ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই।আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ১২ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে ভাঙ্গার বাসিন্দা কৃষ্ণচন্দ্র ঘোষের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ওই পৌরসভার নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। আজ শুনানি শেষে আপিল বিভাগ ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। প্রসঙ্গত, তফসিল অনুসারে ১৭ জানুয়ারি ওই পৌরসভায় ভোট হওয়ার কথা আছে।