৯৪টির বিরুদ্ধে আপিল ৬১টিরই সাজা বাতিল
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের রায় আপিলে বেশির ভাগই টিকছে না
ফরিদপুরে গত দেড় বছরে ভ্রাম্যমাণ আদালত ৫৫৪টি মামলায় ৭৯০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এসব রায়ের মধ্যে ৯৪টির বিরুদ্ধে আপিল করেছেন দণ্ড পাওয়া ব্যক্তিরা। আপিলের রায়ে জেলা জজ আদালত ৬১টির সাজাই বাতিল করেছেন। অর্থাৎ আপিল করে বেশির ভাগ ক্ষেত্রে দণ্ড পাওয়া ব্যক্তি খালাস পেয়েছেন।ফরিদপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ না করে আদালত পরিচালনা করেন। ফলে অনেক মামলার রায় আপিল আদালতে এসে বাতিল হয়ে যাচ্ছে।’ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এক হাজার ৪৫৫টি। এসব ক্ষেত্রে মোট মামলা হয় চার হাজার ৫৫৯টি। এর মধ্যে চার হাজার পাঁচটি মামলায় চার হাজার ৯৫৯ জনকে মোট এক কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৭১৪ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ৫৫৪টি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় ৭৯০ জনের।সূত্র আরও জানায়, অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয় বলে এসব ক্ষেত্রে আপিলের সুযোগ নেই। কারাদণ্ডের রায়ের ক্ষেত্রে প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা যায়। সেখানকার রায়ে সন্তুষ্ট না হলে জজ আদালতে রিভিশন আপিল করা যায়।ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রসঙ্গে ফরিদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান খান বলেন, ‘ব্যবসায়ীরা অন্যায় করেন এটা যেমন ঠিক, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও বাড়াবাড়ি করেন।’জেলা জজ আদালত সূত্র জানায়, গত জুন পর্যন্ত দেড় বছরে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের (কারাদণ্ড) বিরুদ্ধে ৯৪টি আপিল হয়। এগুলোর মধ্যে ৭১টির রায় হয়েছে। এর মধ্যে ৬১টির সাজা বাতিল ও ১০টির রায় বহাল রাখা হয়েছে। দুটি আপিল প্রত্যাহার করা হয়েছে। সাজা বাতিল করা মামলাগুলোর ১০টিকে নিয়মিত মামলা (জিআর) হিসেবে দায়েরের সুপারিশ করা হয়েছে।পিপি খসরুজ্জামান বলেন, যেসব মামলায় কারাদণ্ড বেশি হয় সেসব দণ্ডিত ব্যক্তি এবং যাঁরা আত্মমর্যাদাসম্পন্ন তাঁরাই সাধারণত আপিল করেন। এ কারণে আপিলের সংখ্যা কম। তিনি বলেন, অব্যাহতি পাওয়া ব্যক্তিরা চাইলে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন।মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড পাওয়া ফরিদপুর শহরের বান্ধবপল্লির কুতু বেগম অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল করে গত বছরের ৩১ মার্চ খালাস পান। কিন্তু বিপর্যয় নেমে এসেছে তাঁর জীবনে। তিনি বলেন, ‘মামলা চালাতে আমার সোয়া ভরি স্বর্ণের দুটি চুড়ি বিক্রির টাকা ছাড়াও ৫০ হাজার টাকা খরচ হয়েছে। স্বামীও আমাকে ছেড়ে চলে গেছেন।’আলীপুর খাপাড়া মহল্লার মিজানুর রহমানকেও মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তিনিও আপিল করলে বিশেষ আদালত গত বছরের ৭ মার্চ ওই সাজা বাতিল করেন। মিজানের ভাই সায়েদুর রহমান বলেন, জজ আদালতে আপিল করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত থেকে নথি সংগ্রহ করতেই এক মাস লেগেছে। পরে বিশেষ আদালতে আপিল করা হয়। মামলা চালাতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ব্যবসা বন্ধ রেখে আদালতে ছোটাছুটি করতে হয়েছে।মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর-৬ উপধারায় ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে, ‘ক্ষমতাপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে তফসিলে বর্ণিত আইনের অধীন কোনো অপরাধ, যা কেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, তাঁর সম্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত হয়ে থাকলে তিনি উক্ত অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে, এই আইনের অধীনে নির্ধারিত দণ্ড আরোপ করতে পারবেন।’তবে ফরিদপুর জেলা জজ আদালতের আইনজীবী মানিক মজুমদার বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ম্যাজিস্ট্রেট তাঁর কার্যালয়ে বা থানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অনুসন্ধানে দেখা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল চরভদ্রাসনের বালিয়াডাঙ্গির মো. নূরুদ্দিনের বাড়ি থেকে প্রায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে চরভদ্রাসন থানার পুলিশ। ওই দিনই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ মাদক আইনে তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। তিনি আপিল করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দণ্ড কমিয়ে ছয় মাস করেন। পরে নূরুদ্দিন বিশেষ দায়রা জজ আদালতে রিভিশন মামলা করলে গত ২৩ ফেব্রুয়ারি রায়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা বাতিল হয়। রায়ে আদালত মন্তব্য করেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাঁর সামনে গাঁজা রাখার ঘটনা ঘটেনি ও ভ্রাম্যমাণ আদালতের সামনে আসামির কাছ থেকে কথিত গাঁজা উদ্ধার করা হয়নি এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক কর্তৃক জব্দ তালিকা প্রস্তুত করা হয়নি। যা মোবাইল কোর্ট আইনের সম্পূর্ণ পরিপন্থী এবং ন্যক্কারজনক লঙ্ঘন বলে আদালত মনে করেন। আদালতের কাছে এটিও প্রতীয়মান হয়, ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা ও কার্যক্রম সংক্রান্তে সংশ্ল্লিষ্ট আদালতের বিচারকের সামান্যতম জ্ঞান নেই।’জেলার ভাঙ্গা উপজেলায় গত ৭ নভেম্বর ২০৯/২০১১ নম্বর মামলায় এক ব্যক্তিকে দুই বছর এবং অপর দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আপিলের রায়ে বিশেষ জজ আদালত ১ মার্চ ওই সাজা বাতিল করেন। আদালত মন্তব্য করেন, ‘২০০৯-এর মোবাইল কোর্ট আইনের সংশ্ল্লিষ্ট ধারাগুলো আদৌ প্রতিপালন না করে খেয়ালখুশিমতো নিজস্ব অপরিপক্ব ধ্যানধারণার ওপর ভিত্তি করে আসামিদের প্রতি দণ্ডারোপ করেছেন; যা আদৌ বিচারকসুলভ কোনো কাজ নয়।’তবে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যিনি আপিল শোনেন, ওনারা কী মনে করে মামলাগুলো খারিজ করেন, তা আমার জানা নেই। ম্যাজিস্ট্রেটরা আইন জানেন না, এ অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইনটি মাত্র ১০-১১ পাতার একটি বুকলেট। এই আইন নিয়ে আমরা প্রতি মাসে কর্মশালা করি। এ ছাড়া প্রতিটি ভ্রাম্যমাণ আদালতে রায় দেওয়ার আগে আইন নিয়ে গভীর পর্যালোচনা করা হয়।’রায় দিয়ে একই দিনে তা বদলানোর ঘটনাও আছে। যেমন ভ্রাম্যমাণ আদালতের ১৯৪/১১ নম্বর মামলার নথিতে দেখা যায়, ভাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ২০১১ সালের ২ অক্টোবর উপজেলার খাপুড়া গ্রামের মিরাজ সিকদারকে ৩৫৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। ওই দিনই ওই আদালত রায় বদলে তাঁকে কেবল এক বছরের কারাদণ্ড দেন।একই ভ্রাম্যমাণ আদালত ১৮৩/১১ মামলায় গত বছরের ১৮ সেপ্টেম্বর ভাঙ্গার খামিনারবাগ গ্রামের জব্বার সিকদারকে বিশুদ্ধ খাদ্য আইনে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। পরে রায় বদলে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন একই আদালত।এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একটির ক্ষেত্রে ভুল হয়েছিল। অপরটির ক্ষেত্রে মানবিক বিবেচনায় অর্থদণ্ড প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে আমি কোনো টাকা খাইনি।’