‘ক্ষমতায়নে হরিজন জনগোষ্ঠী’—এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখা। ৫ ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নারী, শিশু, যুবক, বৃদ্ধসহ হরিজন সমপ্রদায়ের দেড় শতাধিক লোক অংশ নেয়। শেষে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলীর হাতে। স্মারকলিপি গ্রহণ করে ইউসুফ আলী ফরিদপুরে হরিজন সমপ্রদায়ের দাবিসমূহ পূরণ করা হবে বলে আশ্বাস দেন।দাবির মধ্যে রয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হরিজনদের স্থায়ী চাকরি দেওয়া, সুইপার ও ক্লিনার পদে ৮০ ভাগ আসন হরিজনদের জন্য সংরক্ষিত রাখা, বৈষম্য বিলোপসংক্রান্ত আইন প্রণয়ন করা, হরিজন ও দলিতগোষ্ঠীকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান ও ভিজিএফ-ভিজিডি কার্ড দেওয়া এবং ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা।এ সময় জেলা হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা সেপাই লাল জমাদার, সভাপতি রিপন জমাদার, সহসভাপতি অরুণ হেলা ও জাভেদ হারি এবং সাধারণ সম্পাদক বিদ্যুৎ হারি উপস্থিত ছিলেন।পরে একই দবিতে জেলা খাদ্য কর্মকর্তা, ফরিদপুর পৌরসভার মেয়র ও স্থানীয় সাংসদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোনের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি ডাকযোগে প্রেরণ করা হয়।