ফরিদপুরে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু
ফরিদপুরের অম্বিকা ময়দানে ৩ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘বাংলাদেশ তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা’ শুরু হয়েছে। বাংলাদেশ তাঁতবস্ত্র ও হস্তশিল্প প্রস্তুতকারক সমিতি এ মেলার আয়োজন করেছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ওই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সমন্বয়কারী মো. রাসেল আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খন্দকার মোহতেশাম হোসেন।মেলায় পাকিস্তানি তিনটি, ইরানি দুটি ও চীনের দুটিসহ মোট ৭২টি স্টল রয়েছে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে পাঁচ টাকা। পাকিস্তানের জাহাঙ্গীর এন্টারপ্রাইজের ম্যানেজার আবদুর রায়হান জানান, মেলায় যে পরিমাণ লোকের সমাগম হয়, বিক্রি সেই পরিমাণ হচ্ছে না।বগুড়ার রিফাত শীত বস্ত্রালয়ের আবদুস সোবহান মিয়া জানান, মেলার ব্যাপারে প্রচার কম হওয়ায় লোকজন কম হচ্ছে। মেলা জমেনি। আগামী দিনগুলোতে জমবে—এ আশায় রয়েছি।বাউফলের সোহাগ এন্টারপ্রাইজের মো. মিজানুর রহমান জানান, চার দিন ধরে মেলায় এসেছি কিন্তু কেনাকাটা একেবারেই নেই। মেলায় লোকজন আসে কিন্তু কেনাকাটা করে না।ঢাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মো. জসীমউদ্দীন বলেন, এ পর্যন্ত বিসমিল্লাই করতে পারিনি। কবে মেলা জমবে, কে জানে।ঢাকার গরিবুল্লাহ শু স্টোরের মাহমুদুল হাসান জানান, নয় দিন ধরে মেলায় আছি, বেচাকেনা হচ্ছে মোটামুটি।ঢাকার ইসমাইল টেক্সটাইলের মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা পাইকারি দামে সামগ্রী বিক্রি করছি। কোম্পানির প্রচারের জন্য মেলায় আসা। কিন্তু বিক্রি কম। তার পরও আশা করছি, শেষের দিকে জমে উঠবে বেচাকেনা।’মেলার সমন্বয়কারী মো. রাসেল আহম্মেদ বলেন, দেশব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্পকে জনপ্রিয় করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে। আপাতত মেলায় লোকসমাগম কম হলেও সামনের দিনগুলোতে বাড়বে। স্কুল-কলেজের পরীক্ষা শেষ হলে মেলা জমে উঠবে।