ফরিদপুরে মিছিলে বাধা, আটক ৬
ফরিদপুরে হরতাল চলাকালে দুপুর সোয়া ১২টার দিকে শহরের খাবসপুর মোড় থেকে যুবদলের একটি মিছিল বের হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় পার হয়ে রাজেন্দ্র মেডিকেল হলের সামনে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে মো. নাজির (২৭) নামের যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।এদিকে, হরতালের মধ্যে শহরে কিছু দোকানপাট খুলেছে। বাস চলাচল বন্ধ থাকলেও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।হরতালের আগের রাতে গতকাল রোববার রাত নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালুবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থকেরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। রাত সাড়ে নয়টার দিকে টেপাখোলা এলাকায় অন্য একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাকালে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের মো. ইমামউদ্দীন (২৫) নামের এক তরুণকে দুটি পেট্রলবোমাসহ আটক করে পুলিশ। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান এ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ অভিযোগ করেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান গতকাল রাতে থানায় গেলে পুলিশ তাঁকে আটক করে। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, হরতালের আগের রাতে জেলায় ছয়জনকে আটক করা হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, গতকাল রাতে শহরে মশাল মিছিল থেকে গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।