ফরিদপুরে র্যাব-পুলিশের বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ফরিদপুরে র্যাব ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে মো. ইমদাদ ফকির ওরফে ইমদা (৩২) নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পৌনে চারটার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত ইমদার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ওলিয়ুর রাশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি করার জন্য আন্তজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য ওই স্থানে সমবেত হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভাঙ্গা থানার পুলিশের সহায়তায় অভিযান চালায়। যৌথ দলটি ঘটনাস্থলে গেলে ডাকাতেরা তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। ফলে র্যাব ও পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ভোর হলে স্থানীয় জনতা ও টহল দলের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায়। উপস্থিত জনতা সেটিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য ও কুখ্যাত ডাকাত মো. ইমদাদ ফকির ওরফে ইমদার বলে শনাক্ত করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইমদাদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজৈর, মাদারীপুর, শিবচর ও খুলনার খালিশপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে।