ফরিদপুর সদরের পাঁচটি ইউনিয়নে লোকজ সংস্কৃতি উত্সব শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানার কবি জসীমউদ্দীন উচ্চবিদ্যালয়ে প্রথম দিনের উত্সব উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দ মহসীন উদ্দীন আহমেদ। শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত এ উত্সবে জারিগান, সারিগান, ভাটিয়ালি গান, বাউল সংগীত, লালন সংগীত, কবিগান, বিয়ের গান, ধানকাটার গান, নৌকাবাইচের গান, বিচার গান, গাজীর যাত্রা, সঙযাত্রা, অষ্টক, কথক, কীর্তন, ঘেটু গান, ভাব সংগীত, বেদের গানসহ আবহমান বাংলার বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়।লোকজ সংস্কৃতি উদ্যাপন কমিটির সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, ২৯ ডিসেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে, ১ জানুয়ারি চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডলের হাট উচ্চবিদ্যালয় মাঠে, ৪ জানুয়ারি গেরদা ইউনিয়নের গেরদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবং সবশেষে ৭ জানুয়ারি শহরের সরকারি রাজেন্দ্র কলেজমাঠে একই ধরনের উত্সব অনুষ্ঠিত হবে।খ্রিষ্টান মিশনে সাংস্কৃতিক অনুষ্ঠান: খ্রিষ্টান সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব ‘বড়দিন’ উদ্যাপন উপলক্ষে ২৫ ডিসেম্বর ফরিদপুর খ্রিষ্টান মিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রাংক চন্দন, অ্যাফ্রিড, রিকন, বীণা বিশ্বাস ধর্মীয় ও গজল পরিবেশন করেন। অতিথি শিল্পী মুহ. খায়রুল ইসলাম পরিবেশন করেন হারানো দিনের বাংলা গান।