ফরিদপুরে সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বাড়িতে পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামে এক সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে সন্দেহভাজন যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুল হাকিমকে নজরদারিতে রেখেছে পুলিশ।ফরিদপুরের সন্দেহভাজন ওই যুদ্ধাপরাধীর নাম কাজী এমদাদুল হক ওরফে ইঙ্গুল কাজী। তিনি সপরিবারে ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামে বাস করেন। গত শনিবার থেকে তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল সোমবার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ইঙ্গুল কাজীর বাড়িতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তাঁকে নজরদারিতে রেখেছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি (ইঙ্গুল কাজী) যাতে পুলিশের নজরের বাইরে চলে যেতে না পারেন, সে জন্য তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা এখন ওপরের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। সংকেত পাওয়া মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে।’ইঙ্গুল কাজীর বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিলেন। এ ছাড়া হত্যা ও লুটতরাজের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।জানা যায়, ১৯৭১ সালের ২ মে ভোররাতে ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রাম ঘিরে ফেলে পাকিস্তানি বাহিনী। গ্রামের বাসিন্দারা জানান, রাজাকারদের সহযোগিতায় সেদিন পাকিস্তানি বাহিনী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী টনিক সেনসহ ৩১ জনকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে ইঙ্গুল কাজী জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।এ প্রসঙ্গে ইঙ্গুল কাজী গত রোববার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি কোনো পক্ষেই অংশ নিইনি। আমি আগেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, এখনো নেই।’তবে ১৯৭১ সালের ২ মে ভোরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সঙ্গে জান্দী গ্রামে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন ইঙ্গুল কাজী। কিন্তু হত্যাকাণ্ডে অংশ না নিয়ে আগেই চলে এসেছিলেন বলে তিনি দাবি করেন।আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুল হাকিমকে নজরদারিতে রেখেছে পুলিশ।আবদুল হাকিম জানান, ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান গত রোববার সকালে তাঁর বাড়িতে আসেন। ওসি তাঁকে জানান, পুলিশ সুপারের নির্দেশে তাঁর সঙ্গে পুলিশ থাকবে। আবদুল হাকিম এর কারণ জানতে চাইলে ওসি কোনো জবাব দেননি।পুলিশ সুপার বি এম হারুন অর রশীদ জানান, পত্রপত্রিকায় যুদ্ধাপরাধী হিসেবে হাকিমের নাম ছাপা হয়েছে। এ অবস্থায় জনতার সম্ভাব্য রোষ থেকে তাঁকে নিরাপত্তা দিতে তাঁর সঙ্গে পুলিশ রাখা হয়েছে।