ফরিদপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৯৯ সালের ২৫ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও শ্রমিক নেতা হাসিবুল হাসান ওরফে লাবলু পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন। কিন্তু দুর্নীতির অভিযোগে তাঁকে অপসারণ করা হয়। এ পর্যন্ত ১১ বছর অতিবাহিত হলেও সীমানা সম্পর্কিত মামলার কারণে আর পৌরসভার নির্বাচন হয়নি। এবার স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলেও ফরিদপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা বেশ তৎপর। তাঁরা দলীয় মনোনয়ন লাভের আশায় লবিং, গ্রুপিং ও ভোটারদের সমর্থন আদায়ের জন্য নানা কৌশলে গণসংযোগ চালাচ্ছেন।আওয়ামী লীগের সম্ভাব্য চার প্রার্থী: দ্বিধাবিভক্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগের চারজন আসন্ন মেয়র নির্বাচনে দলীয় প্রার্থীতা চাইবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এরা হলেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সমর্থিত গ্রুপে তাঁর অনুজ খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ। অপরদিকে সৈয়দা সাজেদা চৌধুরী সমর্থিত গ্রুপে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ওরফে লাবলুর সহধর্মিণী ঝর্ণা হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কোতয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস।এর মধ্যে আইভি মাসুদ প্রায় তিন বছর ধরে পৌরসভা নির্বাচন করবেন বলে প্রচারণা চালিয়ে আসছেন। ছয় মাস ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঝর্ণা হাসান ও অমিতাভ বোস। এর মধ্যে সবচেয়ে নবীন সদস্য হচ্ছেন খন্দকার মোহতেশাম হোসেন। গত অক্টোবর মাসের আগে নির্বাচনের ব্যাপারে তাঁর কোনো আগ্রহ দেখা যায়নি।গত ২০ অক্টোবর ফরিদপুর শহরের তিনটি জায়গায় নয়টি ওয়ার্ডে (প্রত্যেক ক্ষেত্রে তিনটি করে) আওয়ামী লীগের শ্রমমন্ত্রী সমর্থিত অংশের নেতা-কর্মীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এ তিনটি সভা থেকেই শ্রমমন্ত্রীর ভাই বাবরকে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনটি সভার প্রথম দুটিতে বাবরের নাম এককভাবে প্রস্তাব করা হলেও ফরিদপুর উচ্চবিদ্যালয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সভায় বাবরের পাশে ঝর্ণা হাসানের নামও প্রস্তাব করা হয়।২ নভেম্বর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ তাঁর শহরের পূর্ব খাবাসপুর বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজেকে জেলা আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।ঝর্ণা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। ১২ নভেম্বর ঈদুল আজহা উপলক্ষে তিনি নিজের ছবিসংবলিত পোস্টার ছাপিয়ে পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ নাগরিক সুবিধাযুক্ত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে পৌরবাসীকে আহ্বান জানিয়েছেন।অমিতাভ বোস বলেন, ‘আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আমার আশা, দল আমাকে মূল্যায়ন করবে।’জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একত্রে বসে আলোচনা করে পৌরসভার মেয়র পদে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেব।’বিএনপির সম্ভাব্য দুই প্রার্থী: জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাইয়ুম ওরফে জঙ্গি বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব। আমি বিশ্বাস করি পৌরসভাসহ আগামী সব নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলের পর নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই। আমাদের সামনে কোনো নেগেটিভ ইস্যু নেই। তাই নির্বাচন বর্জনের কোনো সুযোগও নেই।’আরেক মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রেজাউল করিম বলেন, ‘দল মনোনয়ন দিলে নির্বাচনে দাঁড়াব। তবে আমি মনে করি, দল আমাকেই মনোনয়ন দেবে। আমি ৩০ বছর ধরে দলের সঙ্গে যুক্ত, কখনো আদর্শচ্যুত হইনি। তবে চূড়ান্ত পর্যায়ে দল মনোনয়ন না দিলে সময়ই তখন বলে দেবে আমার কী করতে হবে।’প্রস্তুতি নিচ্ছে জামায়াত: জেলা জামায়াতের আমীর দেলোয়ার হুসাইন প্রথম আলোকে বলেন, ‘মেয়রসহ প্রতিটি কাউন্সিলর পদে জামায়াত প্রার্থী দেবে। কে কোন পদে প্রার্থী হবে, তা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হবে। আমরা এখনো আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছি। আমাদের দলের নিয়ম অনুযায়ী কেউ নির্বাচনে নিজ থেকে প্রার্থী হতে পারেন না। দলই ঠিক করে দেবে কে কোন পদে দাঁড়াবে। দলের সিদ্ধান্ত মেনেই নির্দিষ্ট পদে তাঁকে নির্বাচন করতে হবে।’প্রার্থী নেই সিপিবি ও জাতীয় পার্টির: জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমাদের কোনো প্রার্থী নেই। তাই পৌরসভার নির্বাচন নিয়ে কোনো ভাবনার সুযোগ পাইনি। আমরা মহাজোটের শরিক দল। মহাজোট এককভাবে প্রার্থী দিলে আমরা তাঁকে সমর্থন করব। তবে মহাজোট একক প্রার্থী দিতে ব্যর্থ হলে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব।’সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বলেন, ‘নির্বাচনে আমাদের কোনো প্রার্থী নেই। তাই ভাবনাও নেই। তবে আমরা ভোট দেব। মুক্তিযুদ্ধের পক্ষের এবং অসাম্প্রদায়িক চেতনার প্রার্থীকেই আমরা সমর্থন করব। তবে এ ধারার একাধিক প্রার্থী হলে আমরা অপেক্ষাকৃত ভালোর পক্ষে থাকব এবং দলীয়ভাবে তাঁকে সমর্থন করে ভোট দেব।’দুই স্বতন্ত্র প্রার্থী: নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কাদিরদী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল আজিজ ও সাবেক পৌর চেয়ারম্যান ফজলুল কবির। মাহাতাব আলী বলেন, ‘এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। পরবর্তী পরিস্থিতিই বলে দেবে আমি স্বতন্ত্র হিসেবে স্থির থাকব কি না।’ফজলুল কবির বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব। আমি আগেও পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। আশা করি পৌরবাসী আমাকে মূল্যায়ন করবে।’মো. আব্দুল আজিজ গত ২৪ নভেম্বর রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘পৌরসভার মত প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠায় এ সব প্রতিষ্ঠানের নির্বাচন হয়ে উঠেছে কেনাবেচা ও সহিংসতার নির্বাচন। এ ধারা বন্ধ করতে এবং পৌরসভার সার্বিক উন্নয়ন করতে আমি প্রার্থী হতে চাই।’