ফরিদপুরের সালথা উপজেলার মসজিদ গোট্টি এলাকায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এক পক্ষের নেতা মেজর (অব.) আ ত ম হালিম ও তাঁর দেহরক্ষীকেও প্রতিপক্ষের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে।ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আ ত ম হালিম (৬০)। তিনিসহ গুলিবিদ্ধ হয়ে তাঁর ভাগনে নজরুল ইসলাম (৪১) ও হুমায়ুন ফকিরসহ (২৮) চারজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের নগরকান্দা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে দলীয় মনোনয়ন নিয়ে ফরিদপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগ হয়ে পড়েছেন। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আ ত ম হালিম। অন্য পক্ষে আছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সালথা উপজেলায় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে আ ত ম হালিম শতাধিক গাড়ির (মাইক্রোবাস) একটি বহর নিয়ে ফরিদপুর শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে গোট্টি ইউনিয়নের মসজিদ গোট্টি এলাকায় ফরিদপুর-সালথা সড়কে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিপক্ষের কর্মীরা তাঁর গাড়িবহর আটকে দেয়। গাড়িবহর অবরোধের মুখে পড়লে হালিম পিস্তল ও তাঁর দেহরক্ষী শটগান দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত অবরোধকারীরা পিস্তল ও শটগান ছিনিয়ে নিয়ে হালিম ও তাঁর সমর্থকদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। তারা হালিমের গাড়িতে আগুন দেয় এবং সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসসহ ১০টি গাড়ি ভাঙচুর করে।গুরুতর আহত হওয়ায় হালিমের সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর ভাই শফিকুর রহমান অভিযোগ করেন, শনিবার সালথার বলভদী ইউনিয়নের সোনাতলা গ্রামে হালিমের নিজ বাড়িতে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সাজেদা চৌধুরীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমানের নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালায়।দেলোয়ার হোসেন দাবি করেন, শোডাউন করে যাওয়ার পথে সাধারণ মানুষের বাধার মুখে পড়েন হালিম। কথা-কাটাকাটির একপর্যায়ে হালিম গুলি করেন। এতে হুমায়ুন ফকির নামের একজন আহত হন। এ কারণে বিক্ষুব্ধ জনতা ঢাল-সড়কি নিয়ে তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়।সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব (এপিএস) জামাল হোসেন মিয়া দাবি করেন, ‘হালিম আওয়ামী লীগের কেউ নন। তাঁর সমর্থকদের হামলায় আমাদের সাত কর্মী আহত হন। এঁদের মধ্যে হুমায়ুন ও নাজমুলকে ঢাকায় নেওয়া হয়েছে।’সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি গুলিসহ শটগানটি উদ্ধার করা হয়েছে। তবে খোয়া যাওয়া পিস্তলটির কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।