ফরিদপুরে সাত দোকানে ডাকাতি, ১০ লাখ টাকার মাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নভোকান্দা উপজেলার গজারিয়া বাজারে গতকাল সোমবার রাত দেড়টায় একসঙ্গে সাতটি দোকানে ডাকাতি হয়েছে। বাজার মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নৈশপ্রহরী শেখ শাহজাহান বলেন, ২০ থেকে ২৫ যুবক দুটি মাইক্রোবাসে চড়ে বাজারে আসে। তাঁরা তিন নৈশপ্রহরী ও তিন দোকানদারকে বেঁধে ফেলে। এরপর তারা চারটি সোনার দোকান, মুদি, ফোন-ফ্যাক্স ও মনোহারি দোকানে তালা ভেঙে ঢুকে পড়ে। তারা দোকানের সিন্দুক ও আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসেট, সিগারেটের কার্টন লুট করে। আজ মঙ্গলবার সকালে নভোকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।