ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুর সদরের শিবরামপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের বাহিরদিয়া সেতুর উত্তর ঢালে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন খলিল ফকির (৭০), তাঁর ছেলে লকু ফকির (৫০) ও অটোবাইকের চালক দুদু প্রামাণিক (৫০)। তাঁরা সবাই বাহিরদিয়া এলাকার বাসিন্দা।আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাহিরদিয়া সেতুর উত্তর ঢালে সাতক্ষীরাগামী এ কে ট্রাভেলসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোবাইকের চালকসহ তিনজনই ঘটনাস্থলে নিহত ও মানোয়ার খান (৩০) নামের এক ব্যক্তি আহত হন। মনোয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁরা সবাই ধুলদি হাট থেকে হাট করে বাড়ি ফিরছিলেন।এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কটি অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, এলাকাবাসী মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান। গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ার দিলে দেড় ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেন।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।