ফরিদপুরে হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ওসিসহ ১২ পুলিশ আহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১২ পুলিশ আহত হয়েছে। এ ছাড়া পাঁচ হরতাল সমর্থক আহত হয়েছে। হরতাল সমর্থকেরা পুলিশের একটি গাড়িও পুড়িয়ে দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার সকাল আটটার দিকে প্রায় দুই হাজার হরতাল সমর্থক একটি মিছিল বের করে। মিছিলটি নগরকান্দা বাসস্ট্যান্ড থেকে বাজারের দিকে আসার পথে নগরকান্দা পেট্রলপাম্পের কাছে পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পাশের একটি ‘স’ মিল থেকে কাঠ ও লাঠি জোগাড় করে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ পিছু হটে থানায় আশ্রয় নেয়। এ খবর পেয়ে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশের একটি দল সকাল ১০টার দিকে নগরকান্দা বেলি ব্রিজের কাছে পৌঁছালে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় হরতাল সমর্থকেরা পুলিশের কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে নগরকান্দা থানার ওসি শংকর কুমার দাশসহ ১২ জন আহত হয়। এ ছাড়া পাঁচ হরতাল সমর্থক আহত হয়েছে। ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, হরতাল সমর্থদের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীরা যোগ দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।