ফরিদপুরে ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১৫
পূর্বশত্রুতার জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও গোয়ালবেড়া নামক দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ লাঠিপেটা এবং রাবার বুলেট নিক্ষেপ করে প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সোমবার বিকেলে গোয়ালবেড়া গ্রামের আমানত মাতুব্বর (৩৫) স্থানীয় বাজারে তাঁর পাঁচ-সাতজন লোক নিয়ে পল্ল¬ীবেড়া গ্রামের রোমান মাতুব্বরকে (২৫) মারধর করেন। এ নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।আজ সকাল ছয়টা থেকে দুই গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় এক হাজার লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিপেটা করে এবং পরে একটি রাবার বুলেট ছোড়ে। এ সময় গ্রামবাসীর ইটের আঘাতে ভাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার ও কনেস্টেবল জুবায়ের গুরুতর আহত হন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুই গ্রামের ১৩ জন আহত হন। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে নয়টায় দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সহিদুল আলম বলেন, পূর্বশত্রুতার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে দুই পুলিশসহ বেশ কিছু গ্রামবাসী ইটের আঘাতে আহত হয়েছে। আহত পুলিশদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে গ্রামবাসীদের কেউ হাসপাতালে ভর্তি হয়নি।