ফরিদপুরে ‘বিজয়ের প্রান্তে’ মঞ্চস্থ
‘নাটক জাগ্রত করে বিবেক, বুদ্ধি মানবতা’ আহ্বান জানিয়ে জেলা শিল্পকলা একাডেমী আয়োজন করেছে ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’। এ আয়োজনের অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজের শিল্পীদের প্রযোজনায় ফরিদপুরে মঞ্চস্থ হলো নাটক বিজয়ের প্রান্তে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় স্থানীয় কবি জসীমউদ্দীন হলে এ নাটক মঞ্চস্থ হয়।ফরিদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা শহীদ সালাহউদ্দীনসহ মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে নাটকটি লিখেছেন মুন্সি মুহাম্মাদ আলী। নির্দেশনা দিয়েছেন মো. তাজউদ্দিন। নাটকে ১৬ জন শিল্পী ৪৫ মিনিটে সুন্দরভাবে তুলে ধরেন ফরিদপুরের এই শহীদ মুক্তিযোদ্ধাদের সংগ্রামী যুদ্ধের স্মরণীয় ছবি।নাটকটি উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, আসমা আক্তার, ম. নিজাম ও শহীদ সালাহউদ্দীনের ভাতিজা কাজী নাজিব হাসান।