ফরিদপুরে ‘হাজেরা বিবি পৌষ মেলা’
ফরিদপুরে হাজেরা বিবি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘হাজেরা বিবি পৌষ মেলা’। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারারপুর-রঘুনন্দনপুর স্লুইসগেট বাজারসংলগ্ন মাঠে ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলে।মেলা উদ্বোধন করেন খন্দকার মোহতেসাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. আক্কাস হোসেন। বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস।মেলায় কুষ্টিয়ার বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী নিয়ে আসা ব্যবসায়ী এনামুল জানান, প্রথম দিকে মেলায় বেচাকেনা কম হলেও শেষের দিকে ভালো বিক্রি হয়েছে। ফরিদপুর সদরের বিলমাহমুদপুর থেকে মেয়েদের চুড়িসামগ্রী নিয়ে আসা মুন্না বলেন, ‘প্রথম দিকে ভালো বিক্রি হলেও যাত্রা আসার পর বেচাকেনা কমে গেছে। মেলায় আগত লোকজন সার্কাস আর যাত্রাতেই ভিড় করে।’শহরের আলীপুর এলাকার ব্যবসায়ী রশিদ জানান, আয়োজন ভালো হয়নি। নিরাপত্তার সমস্যা রয়েছে। তাই লোকজন কম হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি আক্কাস হোসেন জানান, কবি জসীমউদ্দীনের মানসকন্যা লোকসংগীতশিল্পী হাজেরা বিবির স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য এ বছর থেকে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবছর ১৬ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।