ফরিদপুরের চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক!
খাদ্যচক্রে আর্সেনিকের উপস্থিতি ক্রমশ বাড়ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়, বিশেষ করে ফরিদপুরে উত্পাদিত চালে আর্সেনিকের উপস্থিতি গড় সহনীয় মাত্রার চেয়ে বেশি।এ ছাড়া ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের কারণে প্রায় দুই কোটি মানুষ মাত্রাতিরিক্ত ঝুঁকির মধ্যে পড়েছে। আর্সেনিকের কারণে স্বাস্থ্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ শিশু তহবিলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ৬৫ কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ১৪০ মাইক্রোগ্রাম আর্সেনিক সহনীয়। কিন্তু ফরিদপুর অঞ্চলে বোরো ধানের চালের ভাত খেলে সর্বোচ্চ সহনীয় মাত্রার চেয়ে ১৫০ শতাংশ বেশি আর্সেনিক শরীরে প্রবেশ করে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ প্রতিবেদনটি উপস্থাপন করেন পরিবেশবিজ্ঞানী আতিক রহমান। প্রতিবেদনে কৃষি, স্বাস্থ্য ও পানি এ তিনটি ক্ষেত্রের ঝুঁকি আলাদাভাবে তুলে ধরা হয়।জানা গেছে, ২০০৬ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফরিদপুর সদর, রাজশাহীর পবা, ব্রাহ্মণবাড়িয়া সদর, নোয়াখালীর সেনবাগ ও সাতক্ষীরায় জরিপকাজ পরিচালনা করেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিউিট ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষা করা হয়।বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান—যিনি এ গবেষণায় অংশ নিয়েছিলেন, তিনি জানান, সেচকাজে ব্যবহূত পানিতে উচ্চমাত্রার আর্সেনিকের উপস্থিতি থেকে ধানে এই দূষণ ঘটেছে।গবেষণায় দেখা গেছে, এক কেজি মাটিতে ২০ মিলিগ্রাম আর্সেনিক থাকার কথা। কিন্তু ফরিদপুর জেলার কোথাও কোথাও ৮০ মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। আর্সেনিকদূষিত পানি অনবরত সেচকাজে ব্যবহারের ফলে এমনটি ঘটছে। এতে মাটির উত্পাদন ক্ষমতা কমছে।তবে অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ধানে আর্সেনিকদূষণের বিস্তারের বিষয়টি আরও বিশদভাবে গবেষণার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে একেক সময় একেক স্লোগান জনপ্রিয়তা পায়। আর্সেনিক নিয়েও এর আগে যে ধরনের আলোচনা এসেছে, তাতে মনে হতো কিছুদিন পর গায়ের শার্টেও আর্সেনিক পাওয়া যাবে।কৃষিমন্ত্রী বলেন, নদী খনন করে সেচকাজে ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বাড়ানোর প্রক্রিয়া চলছে।স্বাস্থ্য ঝুঁকি: প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকদূষণ এবং তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে স্বাস্থ্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে আর্সেনিকের কারণে ক্যানসার ছাড়াও হূদরোগ ও কার্ডিওপালমোনারি রোগের প্রকোপ বৃদ্ধি এবং শিশুদের মেধাবিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হয়েছে।তবে এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও চিকিত্সা জোরদারে সরকারের নেওয়া কিছু পদক্ষেপ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।দুই কোটি মানুষ মাত্রাতিরিক্ত ঝুঁকিতে: প্রতিবেদনে বলা হয়, সারা দেশে পানির নমুনা পরীক্ষা করে দেখা গেছে, প্রায় দুই কোটি মানুষ মাত্রাতিরিক্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের মধ্যে মাত্র এক কোটি ২০ লাখের জন্য নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে।প্রতিবেদনে স্বাস্থ্যের ওপর আর্সেনিকের ক্ষতিকর প্রভাব নিরসনের জন্য কৃষি ও পানিতে আর্সেনিকের দূষণ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ন, জাতিসংঘ শিশু তহবিলের ভারপ্রাপ্ত প্রধান নাকুম দীক্ষিত, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার, ডেনমার্ক দূতাবাসের উপ-মিশন প্রধান জ্যান হ্যানসেন মুলার, বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন বিশেষজ্ঞ মার্ক অ্যালেরি প্রমুখ।