মানবতাবিরোধী অপরাধের বিচার: ব্রিফিংয়ে তদন্ত সংস্থা
ফরিদপুরের বিএনপি নেতা জাহিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানিয়েছে, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান, সহ-সমন্বয়ক এম সানাউল হক ও তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন রায়। জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ হওয়ায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে আবদুল হান্নান খান বলেন, জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তারের আবেদন করার অনুরোধ করা হবে।তদন্ত সংস্থা জানায়, জাহিদ হোসেন একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে জাহিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।সানাউল হক বলেন, মুক্তিযুদ্ধকালে জাহিদ হোসেন নিজের পরিচয় দিতেন ‘খোকন রাজাকার’ হিসেবে। তিনি এলাকায় ‘খোকন মাতুব্বর’ নামেও পরিচিত।তদন্ত সংস্থা জানায়, জাহিদ হোসেন ১৯৭০-এর নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ নগরকান্দা বিএনপির সহসভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একাত্তরে তাঁরা যৌথভাবে বিভিন্ন অপরাধে অংশ নিয়েছেন বলে প্রমাণ মিলেছে।তদন্ত সংস্থা জানায়, গত বছরের ১৬ এপ্রিল জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা ৭৮ জনের বেশি মানুষের জবানবন্দি নিলেও ৫০ জনকে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।