ফরিদপুরের ভাঙ্গায় ১৪৪ ধারা জারি
একই স্থানে ও সময়ে ওয়াজ মাহফিল এবং ইসলামি জলসা আহ্বান করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস একাডেমি মাঠ, ব্রাহ্মণকান্দা কওমি মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় আজ বুধবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর গতকাল মঙ্গলবার রাতে এই আদেশ জারি করেন। তিনি প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেলে স্থানীয় জাকের পার্টি এ এস একাডেমি মাঠে একটি ইসলামি জলসার আয়োজন করে। একই সময় চরমোনাই পীরের পক্ষে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে জানমালের নিরাপত্তা এবং ওই এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সে জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ কার্যকর থাকাকালে এলাকায় সব ধরনের মিছিল, ওয়াজ-মাহফিল, সভা-সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।