ফরিদপুরের মেয়রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আজ রোববার বেলা দুইটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এ অভিযোগ দাখিল করে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হয়েছে।রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে জাহিদ হোসেন নিজেকে ‘খোকন রাজাকার’ হিসেবে পরিচয় দিতেন। তিনি এলাকায় ‘খোকন মাতুব্বর’ নামেও পরিচিত।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, খোকন রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করা, নির্যাতন প্রভৃতির ১০টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ দাখিল করা হয়েছে।গত ২৯ মে তদন্ত সংস্থা জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করে। তদন্ত সংস্থা জানায়, জাহিদ হোসেন একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত ফরিদপুরের নগরকান্দায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে জাহিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—ঘরে আগুন দিয়ে তিন জনকে পুড়িয়ে হত্যা, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয় জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাত জনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।রাষ্ট্রপক্ষ জানায়, জাহিদ হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নগরকান্দা বিএনপির সহসভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একাত্তরে তাঁরা যৌথভাবে বিভিন্ন অপরাধে অংশ নিয়েছেন বলে প্রমাণ মিলেছে।