ফরিদপুরের সালথায় ১৪৪ ধারা জারি
ফরিদপুরের সালথা উপজেলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ শুক্রবার একই সময় উপজেলা বিএনপি ও যুবলীগ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়ায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তা বহাল থাকবে।সালথা উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গত ২৯ আগস্ট উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো. পিকুল আলোচনা সভা ও ইফতার মাহফিলের জন্য সালথা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও ছয়টি কক্ষ ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলমের কাছে আবেদন করেন। কিন্তু উপজেলা বিএনপি গত ৩০ আগস্ট একই জায়গায় সভা ও ইফতার মাহফিলের আয়োজনের জন্য আবেদন করায় সমস্যা দেখা দেয়।সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম প্রথম আলোকে জানান, এক সঙ্গে দুটি আবেদন পাওয়া গেছে। যেহেতু এক সঙ্গে দুটি পৃথক দলের আলোচনা সভা ও ইফতার একই জায়গায় হতে পারে না, তাই শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদার দাবি করেন, ‘আমরা বিএনপির পক্ষ হতে আগে আবেদন জমা দিয়েছিলাম। আমাদের অনুষ্ঠান প্রতিহত করতে যুবলীগ পাল্টা এ কর্মসূচি দেয়, যা অগণতান্ত্রিক।’