ফরীদি স্মরণ: তুমি রবে নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই একই মঞ্চ। গত বছরের ২৯ মে ছায়ানটের এই মঞ্চে হুমায়ুন ফরীদির পাশেই ছিলেন তাঁর সুহূদেরা। এসেছিলেন ৬০তম জন্মদিনের শুভকামনা জানাতে। বছর না ঘুরতেই সেই মঞ্চেই আবার তাঁরা মিলিত হলেন। নেই কেবল যাঁকে নিয়ে আয়োজন, তিনি। ফরীদির আকস্মিক প্রয়াণে গতকাল বুধবার এই স্মরণসভায় শোক প্রকাশ করলেন তাঁরা।গত ১৩ ফেব্রুয়ারি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরীদি প্রয়াত হয়েছেন। তাঁকে স্মরণ করতে ‘তুমি রবে নীরবে’ নামে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ আয়োজন করে। সভার শুরুতেই তারিক আনাম মঞ্চে এসে বললেন, ‘আজকের এই অনুষ্ঠানের কোনো আনুষ্ঠানিকতা নেই। ভাষার মাসেই ছিল ফরীদির জন্ম, সেই মাসেই তিনি চলে গেলেন। এখানেই গত বছর আমরা ফরীদির জন্মদিন পালন করেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এখানেই তাঁর শোক স্মরণসভা করতে হবে, এ কথা কোনো দিন ভাবতেও পারিনি।’ নাট্যকার আতিকুল হক চৌধুরী পুরোনো দিনের স্মৃতি টেনে বললেন, ‘মঞ্চে ফরীদির তুলনা হয় না। একেবারে ব্যতিক্রম ছিল সে।’অভিনেতা সৈয়দ হাসান ইমাম ফিরে গেলেন সহ-অভিনেতার স্মৃতিমেদুর দিনগুলোতে। ‘একবার এক নাটকে ফরীদির সঙ্গে আমার অভিনয়ের পালা শেষে সে আমাকে বলেছিল, “আপনি কিন্তু অভিনয়ের মধ্যে অন্যমনস্ক হয়ে ছিলেন!” আমি সেদিন তাঁর পর্যবেক্ষণের ক্ষমতা দেখে অবাক হয়েছিলাম।’ফরীদির বাসার তত্ত্বাবধায়ক শাহীন কথা বলতে গিয়ে নিজে কেঁদেছেন, শ্রোতাদেরও চোখ ভিজিয়েছেন, ‘কাজের ছেলে হলেও আমাকে উনি নিজের ছেলের মতোই আদর করতেন। মারা যাওয়ার আগের রাতে মাগুর মাছ খেতে চেয়েছিলেন। পরদিন সকালে উঠে মাছ আনতে গিয়েই শুনি, তিনি নাই। বাষ্পরুদ্ধকণ্ঠ শাহীন আর কিছুই বলতে পারেননি। অভিনেতা ও নির্দেশক গাজী রাকায়েত বললেন, ‘হুমায়ুন ফরীদির অভিনয়ের কৌশল তরুণদের অনেক কিছু শেখাবে, অভিনয়শিল্পে তাঁর অবদান সুগভীর।’স্মরণসভায় শোকের দুঃখ ভাগাভাগি করতে আসা ফরীদির সুহূদ ও অনুরাগীরা বলছিলেন, ‘হুমায়ুন ফরীদির অভিনয় মনেই হতো না অভিনয়, যা করতেন তা-ই বাস্তবের মতো মনে হতো। তিনি ছিলেন বিনয়ী, বন্ধুবৎসল, বড় হূদয়ের এক মানুষ। অভিনয়ের ক্ষেত্রে তাঁর অবদান অনেক দিন মানুষ মনে রাখবে। তিনি বেঁচে থাকবেন হাজারো মানুষের হূদয়ে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, হানিফ সংকেত, জামাল উদ্দীন, মুনিরা ইউসুফ, চয়নিকা চৌধুরী, শিরিন বকুল প্রমুখ।শিশু একাডেমীতে বইমেলাবাংলাদেশ শিশু একাডেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছোটদের জন্য প্রকাশিত বই নিয়ে ‘বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১২’ শীর্ষক বইমেলার আয়োজন করেছে। আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১২ দিন এ বইমেলা শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ প্রমুখ।বইমেলায় অংশ নিচ্ছে প্রায় ৮৭টি প্রকাশনা প্রতিষ্ঠান। এ ছাড়া মেলা চলাকালে থাকবে নাট্য প্রদর্শনী এবং মীনা ও সিসিমপুর কার্টুনের ওপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান। মেলার শেষ দিন দেওয়া হবে শিশু একাডেমী পুরস্কার। মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।কলকাতায় সুফি ও লালনের গানেকলকাতা প্রতিনিধি জানান, কলকাতার আইসিসিআরে সত্যজিৎ রায় মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘সুফি ও লালন সংগীত সন্ধ্যা’। আর এই মনোজ্ঞ সন্ধ্যায় লালনসংগীত পরিবেশন করে বাংলাদেশের কুষ্টিয়ার সুফি ও লালনসংগীতের দল ‘প্রেমজুড়ি’। আয়োজন করে কলকাতার সাংস্কৃতিক সংস্থা ডাইমেনসন ফোর। এই লালন সন্ধ্যার উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত সেতারবাদক শিল্পী ওস্তাদ নিশাত খান। সুফি ও লালনসংগীত পরিবেশন করেন প্রেমজুড়ির শিল্পী রব ফকির, রেজা ফকির, বদরুদ্দিন ফকির, ওমর সুফি, টুনটুন শাহ, মামুনুর রহমান, তৈয়বুর রহমান, রাসেল আহমেদ প্রমুখ।সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসিলেট প্রতিনিধি জানান, সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী শনিবার বেলা তিনটায় পূর্ব শাহি ঈদগাহ এলাকার একাডেমি ভবনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী প্রতিযোগীদের নাম, বয়স, শ্রেণী, মা-বাবার নাম, পূর্ণ ঠিকানা ও টেলিফোন নম্বর উল্লেখ করে ওই দিন বেলা ১১টার মধ্যে তালিকাভুক্ত করতে হবে।সপ্তম জুরাইন বইমেলাআজ বৃহস্পতিবার থেকে ঢাকার পূর্ব জুরাইনে শুরু হচ্ছে তিন দিনের সপ্তম জুরাইন বইমেলা। জুরাইনের মুক্তাঙ্গনে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন উচ্চতর শিক্ষা ও গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ। মেলায় প্রথমা প্রকাশনসহ ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বইমেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।