ফরীদিকে নিয়ে বললেন তাঁরা...
মাত্র ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন মঞ্চ-টিভি-চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি। তাঁর মৃত্যুতে পুরো অভিনয়-অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শক্তিমান এই অভিনেতার মৃত্যুসংবাদে অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই ছুটে যান ফরীদির ধানমন্ডির বাসভবনে। সেখানে উপস্থিত কয়েকজন তাঁদের এই প্রিয় মানুষটিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।আতিকুল হক চৌধুরী: হুমায়ুন ফরীদির মতো একজন শিল্পী যেকোনো দেশে জন্মাতে যুগ যুগ সময় লাগে, শতাধিক বছর লাগে। ও সত্যিই একজন ভার্সেটাইল শিল্পী ছিল। তাঁকে আসলে জিনিয়াসই বলা যায়। বলতে ও ভাবতে ভালোই লাগছে টেলিভিশনে প্রথম আমার নিখোঁজ সংবাদ নাটকটিতেই সে অভিনয় করেছিল। এরপর অগণিত নাটকে ফরীদি অভিনয় করেছি। আজ আমি সবাই জানাচ্ছি হুমায়ুন ফরীদি চিরদিনের জন্য নিখোঁজ হয়ে গেল।রামেন্দু মজুমদার: হুমায়ুন ফরীদি যখন প্রথম মঞ্চনাটক অভিনয় করা শুরু করল, তখনই আমি সবাইকে বলেছিলাম এই ছেলে মঞ্চ কাঁপাবে। অবশ্য ফরীদি কিন্তু মঞ্চের চেয়েও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল চলচ্চিত্রে। ফরিদী আর আমি এক জায়গায় হলেই ও আমাকে মজার মজার কৌতুক শোনাত। কোথা থেকে এসব পেত কে জানে! তবে হাসির খোরাকটা বেশ ভালোই হতো। কোনো একটা সিরিয়াস মুহূর্তে আছি হঠাত্ দেখা গেল, ফরিদী একটা কৌতুক বলে ফেলল। অমনি মাথা থেকে সিরিয়াসনেসটা চলে গিয়ে আমিও হাসতে শুরু করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে মানুষটা এত প্রাণ খোলা ছিল, সে হঠাত্ নিজেকেই আড়াল করে নিল। এটাই বুঝি বাস্তবতা।খলিল: ফরিদীর সঙ্গে আমার সম্পর্কটা সেই সত্তরের দশকের শুরু থেকে। ওর সঙ্গে অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছি। পাশাপাশি বেশ কিছু নাটকেও আমরা একসঙ্গে অভিনয় করেছি। খুব আন্তরিক একজন মানুষ ছিল সে। ফরিদীর অভিনয়ের দক্ষতা বলাটার ক্ষমতা আমার নেই। ও একজন সুপিরিয়র অভিনেতা ছিল। শুধু তা-ই নয়, ফরিদী একজন ভালো মানুষও ছিল। যেখানে আড্ডা দিত, পুরো জায়গাটা আনন্দময় করে রাখত। শেষের দিকে আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। তবে আমি অসুস্থ থাকাকালে সে প্রথম আলোতেই লিখেছিল, ‘ফিরে আসুন...।’ আমি এলাম ঠিকই কিন্তু ফরীদির সঙ্গে আর দেখা হলো না। আর যখন দেখা হচ্ছে, তখনই সে না ফেরার দেশে চলে গেল। আমি ওর আত্মার মাগফিরাত কামনা করছি।মিতা হক: ফরীদি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ৭৭ কি ৭৮ সালে। সেই থেকে আমার মনে হয়েছে হুমায়ুন ফরীদি অসাধারণ একজন মানুষ। যার আসলে কোনো তুলনা হয় না। অসম্ভব মেধাবী একজন মানুষ ছিলেন তিনি। এমন কোনো চরিত্র নেই, যেটিতে তিনি শতভাগ সফল ছিলেন না। গত বছর তাঁর ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে আমি গান করেছিলাম। ওটাই ছিল তাঁর সঙ্গে আমার সর্বশেষ দেখা। তাঁর অনুরোধেই ৬০তম জন্মদিনে গান করতে হয় আমাকে। তাঁর মৃত্যুসংবাদে আমি অস্বস্তিতে আছি। আমি নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না, ফরীদি ভাই আর নেই। শহিদুল ইসলাম খোকন: ফরীদি ভাইকে প্রথম বাণিজ্যিক ছবিতে আমিই এনেছিলাম। শুরুতে তিনি রাজি ছিলেন না। আমার পরিচালনায় তাঁর প্রথম ছবি ছিল ‘সন্ত্রাস’। এরপর তো একটানা তিনি শুধু আমার ছবিই নয়, বাংলাদেশের প্রায় সব পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। ফরীদি ভাইকে দিয়ে আমি অনেক এক্সপেরিমেন্টাল চরিত্র করিয়েছিলাম। যেমন ‘পালাবি কোথায়’, ‘বিশ্ব প্রেমিক’, ‘ভণ্ড’ প্রতিটি ছবিতেই তিনি নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন। আজ তিনি হঠাত্ করেই বিদায় নিয়েছেন। ফরীদি ভাই আমার শেষ ছবি ‘চেহারা’তেও অভিনয় করেছিলেন।প্রীতম: শেষ চারটি বছর ধরে ফরীদি ভাই বড় নিঃসঙ্গ ছিলেন। বেশির ভাগ সময় তিনি ঘরের ভেতরে একা থাকতেন। কোনো কাজ করতেন না, খাওয়া-দাওয়ার দিকেও তাঁর মন ছিল না। আমরা মাত্র তিন-চারজন মানুষ নিয়মিত ফরীদি ভাইয়ের বাসায় যাতায়াত করতাম। তিনি তাঁর নিঃসঙ্গতার ব্যথাগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করতেন। মাত্র চার দিন আগে তিনি আমার হাতটি ধরে একটি কথা বলেছিলেন, যেটা এখনো আমার কানে বেজে আছে। তিনি বললেন, ‘দেখো প্রীতম, যাকে আমি চাই, সে আমাকে চায় না আর আমি যাদের চাই না, তাঁরা আমার পিছু ছাড়ে না।’ কথাটা বলে একটু হাসারও চেষ্টা করলেন। কিন্তু সেটা মেকি হাসি ছিল। ফরিদী ভাই আমাকে সব সময় বোঝাতেন। বলতেন, ‘একজন শিল্পীর শ্রেষ্ঠ অর্জন সম্মান। ক্ষমতাকে ভুলে যে যতটা সম্মানকে অর্জন করতে পারবে, সেই প্রকৃত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবে।’ হুমায়ুন ফরীদি আজ আর নেই। মনে হচ্ছে, আমি আমার বাবাকেই হারালাম।