ফল দেশি, দামও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের শুরুতেই ধীরে ধীরে নানা ধরনের দেশি মৌসুমি ফল উঠতে শুরু করেছে রাজধানীর বাজারে। সরবরাহ কম বলে দামটা একটু চড়া। এর পরও মানুষ সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এসব ফল কিনছেন। এখন যেসব দেশি মৌসুমি ফল পাওয়া যাচ্ছে, তা সংরক্ষণ বা পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এটি দেশি ফলের প্রতি ক্রেতাদের আগ্রহের একটি বড় কারণ। অনেকে কিনছেন শখ বা অভ্যাসবশত।বাহারি বিদেশি ফল এখন সহজলভ্য আর অনেকেরই সাধ্যের মধ্যে হলেও দেশি ফলের প্রতি আগ্রহী মানুষের সংখ্যাও কম নয়। স্বাদ, পুষ্টি বা দামের বিবেচনায় বাজারে দেশি ফলের কদর যথেষ্ট।রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন, নিউমার্কেট ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মের নতুন ফল কাঁচা আম, কাঁঠাল, তরমুজ, আনারস, জামরুল, কালো জাম, পাকা বেল, আতা প্রভৃতি বেশ পাওয়া যাচ্ছে।বায়তুল মোকাররমের উল্টো দিকে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনের আশপাশে বেশ কিছু দোকানি দেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন। এক দোকানি প্রতি হালি মধুপুরের আনারসের দাম চাইলেন ১২০ টাকা। নরসিংদীর আনারসের হালি ২০০ টাকা। তিনি জানালেন, দেশি জামরুল কেজি ১০০ থেকে ১৩০ টাকা, কাঁচামিঠা আম ১২০ থেকে ১৫০ টাকা ও টক আম ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। জামের কেজি ১১০ থেকে ১৬০ টাকা। আতার দাম ১৫০ থেকে ২০০ টাকা। আকার অনুসারে তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ১৫০ টাকায়। জনপ্রিয় ফল কাঁঠালের দাম এখন অনেক। ছোট ও মাঝারি আকারের একটি কাঁঠাল ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় ৫০০ টাকা পর্যন্ত। রাজধানীর নিউমার্কেট, পলাশীর মোড়, গুলিস্তান, শাহবাগ এলাকায়ও দাম অনেকটা একই রকম। বিক্রেতারা বলছেন, ১৫-২০ দিনের মধ্যে সারা দেশ থেকে ফল আসা শুরু করবে; তখন দাম কমে আসবে।এখানে ফল কিনতে এসেছিলেন চাকরিজীবী শরীফ হোসেন। বেশ কটি দেশি ফল দামাদামি করে শেষ পর্যন্ত বেল ও তরমুজ কিনলেন। এত বিদেশি ফল থাকতে কেন দেশি ফল কিনলেন জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশি ফল অনেক সুস্বাদু। রাসায়নিক উপাদান থাকার আশঙ্কা কম। তাই নিশ্চিন্তে আমার বাচ্চাদের জন্য কিনে নিলাম।’নিউমার্কেটে দেশি ফল কিনতে দেখা গেল ফেরদৌস হোসেনকে। তিনি প্রথম আলোকে বললেন, ‘সারা বছরই তো ছেলেমেয়েদের আপেল-কমলা খাওয়াই। বছরের এ সময়ে শখ করে গ্রীষ্মের ফল কিনি।’বায়তুল মোকাররমের ফল ব্যবসায়ী মোহাম্মদ বাবুল প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন দেশি ফলের সরবরাহ কম। তাই দাম একটু বেশি। তবে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে সারা দেশ থেকে প্রচুর ফল আসতে থাকে। ওই সময় তাই দামও কমে যায়।’বারডেম হাসপাতালের পুষ্টি বিশেষজ্ঞ আক্তারুন্নাহার প্রথম আলোকে বলেন, দেশি ফলে প্রচুর পরিমাণ ভিটামিন-সি, ভিটামিন-এ, শর্করা ও ক্যালসিয়াম থাকে। এসব ফল বিভিন্ন রোগেও উপকারী। বিশেষ করে, জাতীয় ফল কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ শর্করা ও ভিটামিন-এ। উদাহরণ দিয়ে তিনি বললেন, আপেলের চেয়ে ৫০ গুণ বেশি ভিটামিন-সি থাকে পেয়ারায়।