ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট
ফল বাতিলের প্রতিবাদে আন্দোলন চলছে, ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর
আগামী ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত জানায়।তবে আগের ফলাফল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল সকাল থেকেই অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।মানববন্ধনে উপস্থিত মো. তারেক সজল নামে এক ভর্তি-ইচ্ছুক বলেন, ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় ১৩৪তম অবস্থানে থাকলেও ফল পুনর্মূল্যায়নের পর তাঁর অবস্থান দাঁড়ায় ১৩২তম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিবিএতে তিনি পঞ্চম হয়েছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় থাকায় সেখানে ভর্তি হননি। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ শেষ। মানববন্ধনে উপস্থিত অন্য শিক্ষার্থীরা বলেন, পুনরায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাঁদের আর ভর্তির কোনো সুযোগ নেই। এ ছাড়া অনেকেই আছেন, যাঁরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়েছেন। এবার ভর্তি হতে না পারলে তাঁদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। মানববন্ধনে অংশ নিয়ে ফজলুল হক নামে এক অভিভাবক বলেন, তাঁর মেয়ে ফারজানা হক দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়ে ৬৩১তম হয়েছিল। কিন্তু ফল বাতিল হওয়ার পর থেকে সে ঘুম, খাওয়া বাদ দিয়েছে। দিন-রাত সে শুধু কাঁদে। ফজলুল হকের প্রশ্ন, তাঁর মেয়ের কিছু হলে এর দায়িত্ব কে নেবে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পুনরায় ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তির সুযোগ নেই বলেও জানান তিনি। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। বিষয়টি সাংবাদিকেরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর পুনরায় ফল প্রকাশ করা হয়। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর রাতে ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়। তবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্রে মূল্যায়নে ভুলের সঙ্গে জড়িত কোনো শিক্ষকের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।