নবা সরকার মানিকনগর রেললাইনের পাশে বসে ফল বিক্রি করেন। ভালো ফল নয়; দাগওয়ালা, নষ্ট হয়ে যাওয়া ফল মেলে তাঁর টুকরিতে। তিনি জানান, প্রতিদিন বাদামতলী থেকে কিনে আনেন এই ফল। তাঁর পুঁজি ছয় হাজার টাকা। খুব ভোরে বাদামতলী চলে যান। ফল কিনে মানিকনগর ফিরে বিক্রি শুরু করতে করতে সকাল নয়টা বেজে যায়। পাইকারেরা দাগ পড়া, পচা ও থেঁতলে যাওয়া আপেল, আম, কমলা, মাল্টা, কলা, পেঁপে ও সফেদা জমান। সেগুলো কিনে আনেন নবা সরকারের মতো বিক্রেতারা। তাঁরা আবার ঢাকার বিভিন্ন বাজারের পাশে বসে এগুলো বেচাবিক্রি করেন।নবা সরকার জানান, খারাপ ফলের মধ্যে তুলনামূলক ভালো ফলগুলো সের দরে বিক্রি করেন। বাকি ফল ‘ভাগা’ দিয়ে বেচেন। কিছুদিন আগেও দাগ পড়া ভারতীয় আম ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। আপেল বিক্রি করেছেন ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। একটু পচা সফেদার কেজি ১৫ থেকে ২০ টাকা। দাগি-পচা কলা সাধারণত ভাগা দিয়ে বিক্রি করেন তিনি। চম্পা কলা বিক্রি করেন তিন টাকা হালি দরে।নবা সরকারের ফলের ক্রেতা নিম্ন আয়ের মানুষ। অনেক চাকরিজীবীও তাঁর কাছ থেকে আম, আপেল, কমলা কিনে নেন। সেগুলোয় একটু দাগ, পচা থাকলেও ওটুকু বাদ দিলে গোটা ফলই ভালো। অনেক নিম্ন-মধ্য আয়ের মানুষের পক্ষেই ১৫০ টাকা কেজি আম কেনা সম্ভব হয় না। নবা সরকার বলেন, ‘এখন বাজারে দেশি ফল বেশি উঠছে। এর মধ্যে আছে আম, আনারস, কাঁঠাল, তরমুজ, তালের শাঁস। গরিব মানুষ বেশি খায় কাঁঠাল ও তালের শাঁস। আম ছাড়া অন্য দেশি ফল পচা-গলা অবস্থায় বেচা যায় না।’নবা সরকারের বাড়ি জামালপুর। তিনি আগে রিকশা চালাতেন। ফলের ব্যবসায় আছেন ছয় বছর ধরে। রিকশায় ফল বহন করতে করতেই এই ব্যবসায় নামেন নবা। তিনি জানান, রিকশাওয়ালা শ্রেণীর মানুষ কাঁঠাল আর বাঙ্গি পছন্দ করে। তাঁর দাবি, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরার আধুনিক ফলের রসের দোকানের জন্য পাইকারি দরে পচা-গলা ফল কেনা হয় বাদামতলী থেকে। সেসব দোকানের সামনে সাজিয়ে রাখা হয় ঝকঝকে ফল আর আড়ালে থাকে গলা আম, পেঁপে প্রভৃতি ফল।নবা সরকারের দিনে শ-তিনেক টাকা আয় হয়। মানিকনগরে বড় বোনের সঙ্গে তিনি থাকেন। খাওয়া-থাকার জন্য তাঁকে মাসে এক হাজার ৫০০ টাকা দেন। বড় বোনের তিন ছেলে গাড়িচালক। তাঁদের ঘর ভাড়া চার হাজার টাকা। নবা সরকারের ভাগ্নে-বউরা রান্না করেন। তিনি রাতে আর দুপুরে বাসায় খান। সকালের নাশতা দোকানেই সারেন। ঘরের বারান্দায় থাকেন নবা সরকার। রাতে মাঝেমধ্যে বাসায় ডিভিডিতে ছবি দেখেন এবং বাসার পাশের দোকানে গিয়ে চা খান।নবা সরকার জানান, তাঁর বউ-ভাগ্য খারাপ। প্রথম বিয়ের পর ছয় বছর ঘর করেন। তারপর প্রথম স্ত্রী মারা যান। সেই ঘরের একটি মেয়ে আছে। তার বিয়ে হয়েছে। মেয়ে-জামাই মালিবাগের একটি পোশাক কারখানায় চাকরি করে। প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গেও ঘর করতে পারেননি। স্ত্রী পোশাক কারখানায় চাকরি করতেন। সেই স্ত্রী সমিতিতে জমা হওয়া তিন লাখ টাকা নিয়ে রামপুরার এক চাল ব্যবসায়ীর সঙ্গে পালিয়ে গেছেন। এটা দুই বছর আগের ঘটনা। সেই ঘরে একটি ছেলে আছে। ছেলে থাকে নবা সরকারের শ্বশুরবাড়িতে। তাঁর আর বিয়ে করার ইচ্ছা নেই।