ফল বিপর্যয়ে আ.লীগের মনোবলে ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ে মুষড়ে পড়েছে আওয়ামী লীগ। অব্যাহত এই ফল বিপর্যয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মনোবলে চরম ধাক্কা দিয়েছে বলে স্বীকার করেছেন বেশ কয়েকজন সভাপতিমণ্ডলীর সদস্য ও মধ্যস্তরের নেতা। দলটি এখন একমাত্র সান্ত্বনা খুঁজছে, ‘তত্ত্বাবধায়ক নয়, ক্ষমতাসীন সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব’।আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি, জামায়াত ও হেফাজত আওয়ামী লীগের বিপক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে। এটা মোকাবিলা করতে আসন্ন রমজান মাসে দলের সব কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলা সফর করবেন। সাংসদেরা নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের সাফল্য প্রচার করবেন।’ সার্বিক বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাজীপুরসহ অন্য সিটি করপোরেশন নির্বাচন শুধু জাতীয় কেন, সমগ্র রাজনীতিতে প্রভাব ফেলেছে। আগে যে রাজনৈতিক কৌশলে কাজ করেছি, সেটার পরিবর্তন আনতে হবে। তা না হলে আওয়ামী লীগের পরাজয় ঠেকানো যাবে না।’ তিনি বলেন, ‘আমি আমার আসনে ছয়বার নির্বাচিত সাংসদ; এর পরও আমি এই আসন নিয়ে ভীত। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আর কোনো যৌক্তিকতা নেই।’জাতীয় নির্বাচনে সিটি করপোরেশন নির্বাচনের ফলের প্রভাব ফেলার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আলাদা বিষয়। এই নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, তবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের কাজে লাগাতে চাই।’ দলটির নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কৌশল, সমন্বয়হীন প্রচার, স্থানীয় সাংসদদের জনবিচ্ছিন্নতা, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের নজর না দেওয়া, সর্বোপরি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে দলীয় সভানেত্রী বৈঠক করবেন।এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণেই চার সিটি করপোরেশন ও গাজীপুরের মতো আওয়ামী লীগের ঘাঁটিতে এই পরাজয়। তবে পরাজয় থেকে মানুষ শিক্ষা পায়। আমাদের সভানেত্রী এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে আসার পর দলের সার্বিক অবস্থা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণে আলোচনা করা হবে।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় গিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মাহবুব উল আলম হানিফ। এ ছাড়া আওয়ামী লীগের ডজন খানেক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। সবার কণ্ঠেই হতাশা। সবাই যেন মুষড়ে পড়েছেন। মর্যাদার প্রশ্ন হওয়ায় গাজীপুরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল দলটি। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় প্রচণ্ড হোঁচট খেয়েছে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বে দেওয়া দলটি।