পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা তাক লাগিয়ে দিয়েছে। প্রায় ৪৩ লাখ ২৩ হাজার খুদে শিক্ষার্থীর পরীক্ষা উৎসবে পাস করেছে ৪০ লাখ। এদের মধ্যে সেরা মেধাবীর স্বীকৃতি অর্জনকারীর সংখ্যা দুই লাখ ৭৭ হাজার ১৬২।সংখ্যাগত এই উল্লম্ফনে উল্লসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, সবাই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষও সন্তুষ্ট। কিন্তু বিশাল এই সংখ্যার ভিড়ে মানের প্রশ্নটি উঁকি দিচ্ছে ঘুরেফিরে। সাধারণ সনদ বা সেরা সনদ হাতে পাওয়া শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান কতটা অর্জন করছে, তার বিচার-বিশ্লেষণ করতে গেলেই ধাক্কা খাচ্ছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাধ্যমিক শিক্ষা স্তর উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়-প্রধানদের স্ব-মূল্যায়নের মাধ্যমে পরিচালিত সাম্প্রতিক সমীক্ষা বলছে, দেশের চার হাজার ২১০টি মাধ্যমিক বিদ্যালয় দুর্বল ও অকার্যকর। ১৮ হাজার ৪৬৬টি বিদ্যালয় এই সমীক্ষায় অংশ নেয়।যে সাতটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে: ১. শিখন ও শেখানোর পরিবেশ, ২. প্রতিষ্ঠান-প্রধানের নেতৃত্ব, ৩. ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা, ৪. শিক্ষকদের পেশাদারি, ৫. শিক্ষার্থীদের কৃতিত্ব, ৬. সহ-শিক্ষাক্রমিক কর্মসূচি ও ৭. শিক্ষক-অভিভাবক সম্পর্ক।সমীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে মাত্র ৭১৭টি নিজেদের এ শ্রেণীভুক্ত (অতি উত্তম) বলে মনে করেছে। এ ছাড়া বি (ভালো) ছয় হাজার ৪০২টি, সি (মধ্যম) সাত হাজার ১৩৭টি, ডি (দুর্বল) তিন হাজার ৯৪১টি এবং ই (অকার্যকর) ২৬৯টি।গত বৃহস্পতিবার প্রকাশিত জেএসসির ফলের সঙ্গে এই সমীক্ষার মিল খুব একটা নেই। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীর অংশগ্রহণ বেড়েছে, পাসের হারও পর্যায়ক্রমে বাড়ছে। কিন্তু গুণগত মান বিবেচনায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। তাহলে পাস ও সেরা মেধাবীর সংখ্যা বাড়ছে কীভাবে?অনুসন্ধানে দেখে গেছে, শিক্ষক তথা পরীক্ষকদের মধ্যে নম্বর দেওয়ার ক্ষেত্রে উদার মনোভাব তৈরি হয়েছে। শিক্ষা কর্তৃপক্ষের এ ক্ষেত্রে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে।প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত একাধিক সূত্র জানায়, এখন প্রশ্নপত্র তৈরি করা হয় সাধারণ ছাত্রদের মেধা বিবেচনা করে। এ কারণে একদিকে পাসের হার বাড়ছে, অন্যদিকে বাড়ছে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়ে যায়। কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চতুর্থ বিষয় বলে কিছু নেই। তার পরও এ দুটি স্তরে সেরা মেধাবীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে।প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই লাখ ৩০ হাজার ২২০ শিক্ষার্থীর সবাই সব বিষয়ে ৮০ নম্বরের বেশি পেয়েছে। অন্যদিকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৪ হাজার ১৫৮ শিশু-কিশোর প্রতিটি বিষয়ে ৮০ নম্বরের বেশি পেয়েছে। এই সংখ্যার সঙ্গে মানের হিসাব মেলাতে পারছেন না অনেকেই।একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, আজিমপুর এলাকার একটি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাঁর ছেলে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য চারটি স্কুলে পরীক্ষা দিয়েছিল। তিনটিতে সুযোগ হয়নি, আজ অন্যটির ফল প্রকাশিত হবে।পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যার পাশাপাশি শিক্ষার মান বাড়ছে কি না, সেই প্রশ্ন করা হয়েছিল গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে। জবাবে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মানসম্মত শিক্ষা একটা চ্যালেঞ্জ, এটা রাতারাতি অর্জন করা সম্ভব নয়। তবে মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংশ্লিষ্ট বিভাগগুলো এ বিষয়টি নিয়ে কাজ করছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র খুবই সাধারণ, এটি দক্ষতাভিত্তিক নয়। তাই এটাকে মান যাচাইয়ের পরীক্ষা না বলে মোটা দাগে সাধারণ সমাপনী পরীক্ষা বলা যেতে পারে। তিনি আরও বলেন, এই ফল নিয়ে আত্মতুষ্টি লাভের সুযোগ নেই।২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর প্রথম বছরে পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ১৯ লাখ। ওই বছর ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, তাও গ্রেস নম্বর দিয়ে। কিন্তু এর পর থেকে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েই চলেছে।২০১০ সালে প্রায় ২২ লাখ, ২০১১ সালে সাড়ে ২৩ লাখ এবং এ বছর ২৬ লাখ ৪২ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে।