ফলাফল নিয়ে নানা বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন খুলনা সিটি করপোরেশনের পরবর্তী মেয়র—এ প্রশ্নের জবাব পাওয়া যাবে ১৫ জুন। কিন্তু এ নিয়ে নগরের সর্বত্র চলছে নানামুখী বিশ্লেষণ ও আলোচনা। বিশ্লেষণে বের করার চেষ্টা চলছে খুলনা পৌরসভার প্রথম চেয়ারম্যান রেভারেন্ড গগন চন্দ্র দত্তের সম্ভাব্য উত্তরসূরিকে।১৮৮৪ সালে খুলনা পৌরসভা গঠিত হয়। পৌরসভা থেকে খুলনা মিউনিসিপ্যাল করপোরেশন হয় ১৯৮৪ সালে। আর সিটি করপোরেশন হয় ১৯৯০ সালে।এবারের নির্বাচনে মেয়র পদের প্রার্থী হলেন তিনজন। তাঁরা হলেন ১৪ দলের সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আবদুল খালেক, ১৮-দলীয় জোটের সমর্থিত ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মো. মনিরুজ্জামান এবং খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির প্রার্থী শফিকুল ইসলাম। মূল লড়াইয়ের আলোচনায় শফিকুল নেই। তবে তিনি বললেন, ‘কপালে লেখা থাকলে আমিও হতে পারি মেয়র।’ তাঁর আশা, দুই দলেরই ভোট কাটবেন তিনি।মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীই জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। মনিরুজ্জামান বললেন, জনগণ পরিবর্তন চায়। গত মঙ্গলবার রাতে মোহসীন রোডে তাঁর নির্বাচনী কার্যালয়ে বসে তিনি বলেন, সরকারের ব্যর্থতা, সাধারণ মানুষের ধর্মানুভূতিতে আঘাত, তালুকদারের আচরণের ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া—এসবই তাঁকে জয়ে সহায়তা করবে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, হেফাজতে ইসলামসহ ধর্মীয় নানা বিষয়ের প্রচারণা ভোটারদের একটি অংশ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রভাব ফেলেছে।সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত জাতীয় সংসদের খুলনা-২ আসনে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগ জিততে পারেনি। সিটি করপোরেশন দীর্ঘদিন ছিল বিএনপির দখলে। তবে ২০০৮ সালে ২৫ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন তালুকদার খালেক।নাগরিক ফোরাম, খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম মনে করেন, আপাতদৃষ্টিতে ধর্মের ব্যবহার মনিরুজ্জামানের জন্য সুফল বয়ে আনবে মনে হলেও এটা তাঁর জন্য ক্ষতিরও কারণ হতে পারে।তালুকদার খালেকের প্রচারণা সীমাবদ্ধ থেকেছে তিনি কী করেছেন তাতে। তিনি প্রতিপক্ষের সমালোচনায় যাননি। গত মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি কাজ করিনি—আমার বিরুদ্ধে এ কথা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে?’খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিষয়ের অধ্যাপক রেজাউল করিম মনে করেন, গতবারের মতো ব্যবধান এবার থাকবে না। তাঁর ধারণা, নগরের প্রায় ৩০ শতাংশ বস্তিবাসী মানুষ এবারের নির্বাচনে বড় ‘ফ্যাক্টর’।গতকাল বুধবার নগরের সবচেয়ে বড় বস্তি রূপসা নতুনবাজার চর বস্তি, দ্বিতীয় বৃহত্তম বাস্তুহারা কলোনি ও খেমার বস্তিতে গেলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সমানে সমান লড়াইয়ের কথা জানান বস্তিবাসীরা। চরবস্তির ফাতেমা বেগমের মতো কয়েকজনের ধারণা, বস্তিতে রাস্তা, পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা খালেককে ভালো অবস্থানে রাখবে।খালেকের পক্ষে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও এনায়েত আলী প্রচারণা চালাচ্ছেন। জাকের পার্টি তাঁকে সমর্থন দিয়েছে। চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ গত সংসদ নির্বাচনে খুলনা-২ ও খুলনা-৩ আসনে প্রায় ১৪ হাজার ভোট পেয়েছিল। দলটি কাউকে সমর্থন দেয়নি। মনিরুজ্জামান মনে করেন, জাকের পার্টি ও ইসলামী আন্দোলনের ভোট কোনো প্রার্থীই নিরঙ্কুশভাবে পাবেন না।এদিকে খুলনা নগরে জামায়াতে ইসলামীর ২৪ হাজার ভোট রয়েছে। প্রাথমিকভাবে জামায়াতের সঙ্গে বিএনপির ভুল-বোঝাবুঝি থাকলেও তা মিটে গেছে। তাই এ নিয়ে আশাবাদী বিএনপির নেতারা।এমন আশাবাদ ও হিসাব-নিকাশ চলবে আর দুই দিন।