ফলাফল নিয়ে বাড়ি যেতে পারল না প্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক পরীক্ষায় সপ্তম হওয়ার খুশিতে বাড়ি ফিরছিল প্রান্ত দাশ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। মা-বাবাকে ফলাফল জানানোর আগেই কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। প্রান্ত ফৌজদারহাট কে এম হাইস্কুলের ছাত্র ছিল। সে ফৌজদারহাট এলাকার হরি দাশের ছেলে। আজ দুপুরে এ ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটি আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জানা গেছে, মহাসড়কের পূর্বদিকে স্কুল। প্রান্ত রাস্তা পার হয়ে বাড়ি যাওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সে আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অবরোধ সৃষ্টি করে রাস্তায় মিছিল করতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দেয়। ফৌজদারহাট কে এম হাইস্কুলের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রান্ত এবার বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় সপ্তম স্থান লাভ করে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়। আজ ছিল আমাদের ফলাফল ঘোষণার দিন। ফলাফল নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে সন্ধ্যায় সে মারা যায়।’এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার পর শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানটি আটক করে। অবরোধের দুই ঘণ্টা পর আমরা রাস্তা থেকে শিক্ষার্থীদের তুলে দিই। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’