ফলাফল যা-ই হোক, মেনে নেবেন তিন প্রার্থী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা মেনে নেবেন বলে মন্তব্য করেছেন তিন মেয়র পদপ্রার্থী।সকালে ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান ও জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম এ মন্তব্য করেন।আজ সকাল সাড়ে নয়টায় হোচ্ছা মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে মনিরুল হক সাংবাদিকদের বলেন, ‘জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে ফলাফল যা-ই হোক আমি তা মেনে নেব।’ ইভিএম পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘এই পদ্ধতি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তবে আমরা এই পদ্ধতির বিরোধী নই। বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষের যেহেতু পূর্ব ধারণা নেই, তাই আমরা চেয়েছিলাম অন্তত তিন মাস আগ থেকে যেন এ বিষয়ে জনগণকে অবহিত করা হয়। কিন্তু মাত্র ১৫ দিন আগে থেকে এই পদ্ধতি ব্যবহূত হওয়ায় সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’জানা গেছে, হোচ্ছা মিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৬০০ ভোট গ্রহণ হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই হাজার ৮২০।এদিকে একই সময়ে আনারস প্রতীকে মেয়র পদপ্রার্থী আফজল খান কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর আফজল খান বলেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম, তাতে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। এতে ফলাফল যা হবে, তা মেনে নেব।’সকাল ১০টার দিকে ইসলামিয়া আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন টেলিভিশন প্রতীকে মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম।এক প্রতিক্রিয়ায় এয়ার আহমেদ সেলিম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই হচ্ছে। শেষ পর্যন্ত যদি এভাবেই ভোট গ্রহণ চলতে থাকে তাহলে ফলাফল যা-ই আসুক না কেন, আমি সেটাকে স্বাগত জানাব।’